Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / পেট্রোলপাম্পে লাগাতার ধর্মঘটের হুমকি

পেট্রোলপাম্পে লাগাতার ধর্মঘটের হুমকি

এমএনএ রিপোর্ট : দেশের সব পেট্রোলপাম্পে এবার লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছে বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

আজ বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে একটি হোটেলে সংবাদ সম্মেলন সংগঠনটির নেতা-কর্মীরা তেল বিক্রির কমিশন বৃদ্ধি, পেট্রোলপাম্প-সংলগ্ন জমির মাশুল কমানোর দাবিসহ ১২ দফা দাবি তুলে ধরেন। নয় ঘণ্টার ধর্মঘটে দাবি আদায় না হওয়ায় এবার সরকারকে ১০ দিন সময় বেঁধে দিয়েছেন তারা। এ সময়ের মধ্যে দাবিগুলো মানা না হলে ৩০ অক্টোবর থেকে দেশের সব পেট্রোলপাম্পে লাগাতার ধর্মঘট শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক বলেন, আগামী দশ দিনের মধ্যে সরকারের দেওয়া প্রতিশ্রুতিসহ ১২ দাবি পূরণের দাবি জানাচ্ছি। তা না হলে আগামী ৩০ অক্টোবর রবিবার সকাল ৬টা থেকে দেশের সব পেট্রোলপাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।

তিনি জানান, দাবি দাওয়া পূরণের বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে মন্ত্রণালয়ে গেলেও কোনো সুরাহা হয়নি। একাধিকবার ধর্মঘট করলেও সরকার তাতে সাড়া দেয়নি। বরং বিভিন্ন সময় তাদেরকে অপমান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সড়ক ও জনপথ বিভাগ নির্ধারিত পেট্রলপাম্প-সংলগ্ন জমির শতাংশপ্রতি ভাড়া শহরের জন্য ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা ও গ্রামের জন্য ৪০০ থেকে ৯০০ টাকা ছিল। এখন এই ভাড়া বাড়িয়ে শতাংশপ্রতি লক্ষাধিক টাকা করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে গ্রামে শতাংশপ্রতি ৪০০ টাকার পরিবর্তে দুই লক্ষাধিক টাকা পরিশোধ করতে হবে। তারা এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির বন্ধের দাবি জানান।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরির ভাড়া বাড়াতে হবে, ট্যাংক লরিকে পৃথক প্রতিষ্ঠান হিসেবে নতুন এসআরও জারি করতে হবে, ভেজাল রোধে প্রতিটি ডিপোতে রনটেস্ট-ব্যবস্থা নিতে হবে, পেট্রোলপাম্প স্থাপনের নীতিমালা পুনর্বিন্যাস করতে হবে ইত্যাদি।

এর আগে একই দাবিতে গত ২৮ আগস্ট সংগঠনটি সারা দেশের পেট্রোলপাম্পে নয় ঘণ্টা প্রতীকী কর্মবিরতি পালন করে।

x

Check Also

বিমানের প্রি-হজ কার্যক্রম ২০২৬ শেষ, ৯৮টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৮,৬৮০ হজযাত্রী

এমএনএ প্রতিবেদক জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছরের হজ উপলক্ষে পরিচালিত প্রি-হজ কার্যক্রম ...