এমএনএ রিপোর্ট : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. রুহুল কবির রিজভী জামিনে ছাড়া পেয়েছেন। আজ বুধবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, গতকাল মঙ্গলবার রাতে তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। যাচাই-বাছাই শেষে বেলা সোয়া ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
ওই সময় বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ন কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম বাবুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মো. মনিরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।
এ বছরের ২৯ অগাস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি ঘিরে ২০১৫ সালে বিএনপির ডাকা টানা অবরোধ-হরতালের মধ্যে নাশকতার ঘটনায় রিজভীর বিরুদ্ধে পল্লবী থানায় দুটি এবং রমনা, মতিঝিল ও খিলগাঁও থানায় একটি মামলা হয়।
রমনা থানায় একটি মামলা দায়ের হলেও হত্যা ও বিস্ফোরক আইনে পুলিশ আলাদা অভিযোগপত্র দেওয়ায় পরে তা দুটি মামলায় পরিণত হয়। ফলে মামলার সংখ্যা বেড়ে ছয় হয়।
গত ১৮ অগাস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে রিজভী সবগুলো মামলায় জামিন চান। বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিলে তিনি হাই কোর্টে যান।
এর পর ৭ সেপ্টেম্বর বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ রমনার বিস্ফোরক আইনের মামলাসহ পাঁচটিতে রিজভীকে জামিন দেয়।
পরে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ রমনা থানার হত্যার অভিযোগের মামলায়ও তাকে জামিন দেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

