এমএনএ রিপোর্ট : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অর্থের উৎসবিষয়ক একটি অংশের পুনঃতদন্ত চেয়ে করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
খালেদা জিয়ার আবেদনের ওপর গতকাল বুধবার শুনানি শেষে আদালত আজ আদেশের জন্য বিষয়টি রেখেছিলেন। এর ধারাবাহিকতায় এই আদেশ দেওয়া হলো।
আদালতে খালেদার পক্ষে আব্দুর রেজাক খান শুনানি করেন। আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া তাকে সহযোগিতা করেন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
আদেশের পর দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, হাইকোর্ট পুনঃ তদন্ত চেয়ে করা আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। এতে মামলার কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে।
খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘এই আদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আবেদন করব।’
জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলার একটি অংশ পুনরায় তদন্ত চেয়ে খালেদা জিয়ার করা আবেদন গত ২ ফেব্রুয়ারি বিচারিক আদালতে নামঞ্জুর হয়। বিচারিক আদালতের ওই আদেশের বিরুদ্ধে ১ মার্চ হাইকোর্টে রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। আবেদনে মামলার একটি অংশ পুনরায় তদন্তের আবেদন খারিজের আদেশ কেন বাতিল হবে না এবং মামলার সংশ্লিষ্ট অংশ পুনরায় তদন্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় বিচারিক মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
গতকাল খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া সাংবাদিকদেরকে বলেন, মামলায় তদন্ত কর্মকর্তা বলেছেন, অর্থ সৌদি আরব থেকে এসেছে। বিবাদীপক্ষ বলছে, অর্থ কুয়েতের আমির দিয়েছেন। মামলার এই অংশ পুনরায় তদন্ত চাওয়া হয়েছে। এই মামলায় বিচারিক আদালতে ৯ মার্চ সাক্ষী জেরার তারিখ ধার্য রয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালত বদল হচ্ছে। ঢাকা-৩ নম্বর বিশেষ জজ আদালত থেকে মামলাটি এখন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ আদালতে (মহানগর দায়রা জজ) যাচ্ছে। একই সঙ্গে আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে মামলার বিচারকাজ শেষ করতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

