এমএনএ রিপোর্ট : চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় এক ভারতীয় শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার আরেক স্বদেশি সহপাঠীকে।
নিহত ছাত্র হলেন, ইউএসটিসির এমবিবিএস চতুর্থ বর্ষের আসিফ শেঠ (২৬)। একই ব্যাচের অপর ছাত্র উইলিয়ামসন সিং (২৫)। দুজনই ভারতের মণিপুর রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে নগরের আবদুল হামিদ সড়কের একটি বাড়ি থেকে আসিফ শেঠ নামে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার উইলিয়ামসন সিং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ জানান, চট্টগ্রাম নগরের আবদুল হামিদ সড়কের একটি বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে থাকতেন ইউএসটিসির ভারতীয় চার শিক্ষার্থী। ফ্ল্যাটের তিনটি কক্ষের মধ্যে একটিতে থাকতেন নিহত আসিফ শেঠ। আরেকটিতে উইলিয়ামসন। আরেকটি কক্ষে নীরাজ গুরু তার স্ত্রী জোৎস্নাকে নিয়ে থাকতেন। গত শুক্রবার রাতে ফ্ল্যাটে সবাই একসঙ্গে বসে গল্প করেন ও মদ্যপান করেন। এরপর নীরাজ তার স্ত্রীকে নিয়ে নিজের কক্ষে চলে যান। আসিফ, উইলিয়ামসনের কক্ষে যান। রাত সাড়ে ১২টার দিকে উইলিয়ামসনের কক্ষ অন্ধকার দেখে নীরাজ বারবার ধাক্কা দিতে থাকেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খোলেন। দরজা খুলে নীরাজ দেখতে পান, বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন উইলিয়ামসন। আর মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আসিফ শেঠ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

