এমএনএ রিপোর্ট : রাজধানীর ধানমণ্ডিতে আনাম র্যাংগস প্লাজায় আগুন লেগেছে। আজ রবিবার বিকেল চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
ধানমণ্ডি ৬/এ সড়কের ছয় তলা এই বিপণি বিতানটির চতুর্থতলায় আগুনের সূত্রপাত ঘটে বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা জানান, একটি অফিস কক্ষে আগুন লেগেছে। এটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অফিস কক্ষ। তবে পুরো ভবন জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।
ঢাকা মহানগর ফায়ার সার্ভিস কার্যালয় সূত্রে এই অগ্নিকাণ্ডে খবর জানা যায়। তবে বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার সঙ্গে-সঙ্গে ওই প্লাজায় কেনাকাটা করতে অাসা সাধারণ মানুষ তড়িঘড়ি করে নিরাপদে ছুটতে থাকেন।
এ সময় আনাম র্যাংকস প্লাজার পাশের সড়কে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী ওই মার্কেটের ভেতর থেকে কালো ধোঁয়া উড়তে দেখেছেন বলেও জানান।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

