Don't Miss
Home / সারাদেশ / ‘ব্লু হোয়েলে’ আসক্ত কিশোর হাসপাতালে ভর্তি

‘ব্লু হোয়েলে’ আসক্ত কিশোর হাসপাতালে ভর্তি

এমএনএ জেলা প্রতিনিধি : এবার মাদারীপুরে ‘ব্লু হোয়েল’ গেমে আসক্ত হয়ে স্বপ্ন মালো (১৩) নামে এক কিশোর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে তাঁকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ইউএস মডেল হাসপাতালে ভর্তি করা হয়।
সে রাজৈর পৌর এলাকার কুঠিবাড়ি মানিক মালোর ছেলে ও কেজেএস পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এবং এলাকার অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন।
ওই কিশোরের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ৮ থেকে ১০দিন আগে ইন্টারনেট থেকে কৌতূহল বশত: ‘ব্লু হোয়েল’ গেম ডাউনলোড দেয় শিক্ষার্থী স্বপ্ন। এরপর এক সপ্তাহ ধরে ‘ব্লু হোয়েল’ খেলার নেশায় পড়ে কিশোরটি। এরপর শর্ত অনুযায়ী হাতে তিমি এঁকে ৭টি ধাপ অতিক্রম করে। পরে রাতের আঁধারে মোমবাতি হাতে নিয়ে বাড়ির ছাদে যেতে বলা হয় ওই শিক্ষার্থীকে। কিন্তু এরই মধ্যে ফেসবুকে ‘ব্লু হোয়েল’ গেম খেললে মানুষ মারা যায়—এমন একটি খবর পড়ে সচেতন হয় ওই কিশোর। এরপর তাঁকে সুই দিয়ে হাতে এক শ ছিদ্র করতে বলা হলে সে নিজেকে বাঁচাতে মোবাইল ফোন ভেঙে ফেলে। পরে রাতে তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরের বাবা বলেন, ‘আমার ছেলে মরণ নেশার হাত থেকে বেঁচেছে কি না, জানি না। ছেলে রাত হলে গেমটি খেলতে না পারলে পাগলের মতো হয়ে ওঠে। সরকারের কাছে আকুল আবেদন, এই “ব্লু হোয়েল” গেম যেন বন্ধ করে দেয়।’
হাসপাতালের চিকিৎসক পীযূষ চন্দ্র বলেন, ‘আমরা ছেলেটিকে পর্যাপ্ত কাউন্সেলিং দিচ্ছি, সে যাতে ভয় না পায়। তার মনে ভয় কাজ করছে। সে একবার বলছে, গেমটি আর খেলবে না। আবার কিছুক্ষণ পর বলছে, না খেলে থাকতে পারবে না। তবে চিকিৎসা চলছে। স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছেলেটি সুস্থ রয়েছে। ব্লু হোয়েল গেম সম্পর্কে বাবা-মাকে সতর্ক হতে হবে, যেন তাঁদের সন্তান এই খেলায় মগ্ন না হয়।
এদিকে গাজীপুরের শ্রীপুরে ‘ব্লু হোয়েল’ গেমে আসক্ত ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের খোঁজ পাওয়া গেছে।
x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...