Don't Miss
Home / সারাদেশ / আজ উখিয়ায় ত্রাণ বিতরণ করবেন খালেদা জিয়া

আজ উখিয়ায় ত্রাণ বিতরণ করবেন খালেদা জিয়া

এমএনএ রিপোর্ট : কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে আজ (সোমবার) ত্রাণ বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোহিঙ্গাদের তিনটি ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে ড্যাবের একটি মেডিকেল টিম উদ্বোধন করবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ১০টায় কক্সবাজার সার্কিট হাউজ থেকে উখিয়ার দিকে রওনা করবেন বিএনপি চেয়ারপারসন। সেখানে ময়নার গোনা ক্যাম্প, হাকিম পাড়া, বালুখালিতে ত্রাণ বিতরণ শেষে বালুখালি পান বাজারে অবস্থিত ড্যাবের একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করবেন।
এরপর বিএনপি চেয়ারপারসন মেডিকেল ক্যাম্পে সন্তানসম্ভবা পাঁচ হাজার নারীকে প্রয়োজনীয় সামগ্রী, পাঁচ হাজার শিশুকে শিশুখাদ্য বিতরণ করবেন।
এর আগে উখিয়ায় অবস্থিত সেনাক্যাম্পে বিএনপির পক্ষ থেকে ৪৫ ট্রাক ত্রাণসামগ্রী হস্তান্তর করা হবে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান জানান, রোহিঙ্গা ক্যাম্পে গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তাই ম্যাডাম অল্পসংখ্যক গাড়ি নিয়ে উখিয়াতে যাবেন।
কক্সবাজারে রোহিঙ্গাশিবির পরিদর্শনের উদ্দেশ্যে গত শনিবার সকালে ঢাকা থেকে রওয়ানা হন বিএনপি চেয়ারপারসন। পথে ফেনী শহরের কাছে মোহাম্মদ আল বাজার পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত তার গাড়িবহরে হামলা চালায়। এতে গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন। বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়।
এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে খালেদা জিয়ার গাড়িবহর আবার আক্রান্ত হয়। এতে এনটিভির সাংবাদিকসহ কয়েকজন আহত হন। এর মধ্যেই রাতে খালেদা জিয়া চট্টগ্রামে পৌঁছেন।
এরপর রাতে খালেদা জিয়া চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি করেন। গতকাল রবিবার বেলা ১২টার দিকে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। রাতে কক্সবাজার সার্কিট হাউসে ছিলেন বিএনপি চেয়ারপারসন। আজ সোমবার তিনি উখিয়ায় রোহিঙ্গাশিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন। এরপর আগামীকাল মঙ্গলবার ঢাকায় ফেরার কথা বিএনপি চেয়ারপারসনের।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...