ভূমিমন্ত্রীর ছেলে শরীফ তমাল কারাগারে
Posted by: News Desk
December 13, 2017
এমএনএ রিপোর্ট : পাবনার ঈশ্বরদী উপজেলায় ৪ সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগে করা মামলার প্রধান আসামি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে শরীফ তমালের পক্ষে শুনানি করেন পাবনা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাদ বাবু, অ্যাডভোকেট মকলেছুর রহমান বিশ্বাস মুকুল প্রমুখ।
আদেশের পর দুপুর ১টার দিকে তমালকে পাবনা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈশ্বরদী আগমনের আগের দিন গত ২৯ নভেম্বর বিদ্যুৎকেন্দ্রের সাইট অফিস সাহাপুরে সংবাদ সংগ্রহকালে ভূমিমন্ত্রীর ছেলে ও তার ক্যাডার বাহিনীর হামলায় পাবনার ৪ সাংবাদিক গুরুতর আহত হন।
এরা হলেন- সময় টিভির পাবনা প্রতিনিধি এসএ আসাদ, এটিএন নিউজ’র রিজভী জয়, ডিবিসি নিউজের পার্থ হাসান এবং ক্যামেরাপারসন মিলন।
এ ঘটনায় পাবনার ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি পার্থ হাসান বাদী হয়ে ভূমিমন্ত্রীর ছেলে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকারসহ প্রায় ৩০ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় ঈশ্বরদী থানা-পুলিশ এর আগে ৯ জনকে গ্রেপ্তার করলেও অধরা থাকেন মামলার প্রধান দুই আসামি তমাল ও রাজিব। এদের মধ্যে তমাল আজ বুধবার স্বেচ্ছায় রেজাউল করিমের ১-নং আমলী আদালতে হাজির হয়ে জামিন চেয়ে আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, ৪ সাংবাদিকের ওপর হামলা এবং তাদের আহত করার প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রাখেন পাবনায় কর্মরত সাংবাদিকরা।
কারাগারে ছেলে ভূমিমন্ত্রীর শরীফ তমাল 2017-12-13