গাইবান্ধা-১ আসনের এমপি গোলাম মোস্তফা আর নেই
Posted by: News Desk
December 19, 2017
এমএনএ জেলা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি… রাজিউন)।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোলাম মোস্তফার ভাতিজা রিপন।
এমপি গোলাম মোস্তফার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
গত ১৮ নভেম্বর বিকেলে টাঙ্গাইলে বাস ও মাইক্রোবাসে সংঘর্ষে সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদসহ চার জন আহত হন। তিনি মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে গোলাম মোস্তফার শারীরিক অবস্থার অবনতি হলে তাকেসহ চারজনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকার আগারগাঁও নিউরো মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে গোলাম মোস্তফাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।
সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের মাত্র ২৫৩ দিনেই গোলাম মোস্তফা আহমেদ সুন্দরগঞ্জের মানুষের কাছে খুব প্রিয় হয়ে উঠেছিলেন। তার মৃত্যুর সংবাদে পুরো সুন্দরগঞ্জ উপজেলা জুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে।

বছর না যেতেই আবারও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি শূন্য হলো। চলতি বছরের ১০ এপ্রিল জাতীয় সংসদ ভবনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন গোলাম মোস্তফা আহমেদ।
২০১৬ সালের বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এই আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম লিটন নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। অতপর আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি গোলাম মোস্তফা আহমেদকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এরপর ২২ মার্চ অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।
গোলাম মোস্তফা আহমেদ ৩১ বছর ধরে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১১ ও ২০১৬ সালে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
এর আগে ১৯৯১ সালে এই আসন থেকে জাপা সমর্থিত হাফিজার রহমান প্রামাণিক ও ১৯৯৬ সালে ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, ২০০১ সালে জামায়াতের মুহম্মদ আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজ, ২০০৮ সালে জাপা সমর্থিত আবদুল কাদের খান ও ২০১৪ সালে মনজুরুল ইসলাম লিটন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
গাইবান্ধা-১ আসনের আর নেই গোলাম মোস্তফা এমপি 2017-12-19