সাংসদ গোলাম মোস্তফার কফিনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Posted by: News Desk
December 19, 2017
এমএনএ রিপোর্ট : গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ গোলাম মোস্তফা আহমেদের কফিনে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের এই সংসদ সদস্যের প্রথম জানাজার পর প্রয়াতের কফিনে ফুল দিয়ে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন।
এরপর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিরোধী দলীয় নেতার পক্ষে শ্রদ্ধা জানান হুইপ নুরুল ইসলাম ওমর।
এর আগে প্রয়াত সংসদ সদস্যের প্রথম জানাজায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ মন্ত্রিসভার সদস্য, প্রধান হুইপ আ স ম ফিরোজ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় সাংসদ গোলাম মোস্তফার।
নিজের নির্বাচনী এলাকা থেকে মাইক্রোবাসে করে ঢাকায় আসার পথে গত ১৮ নভেম্বর দুর্ঘটনায় পড়েন এমপি গোলাম মোস্তফা। টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় রংপুরগামী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে সাংসদ ও তার গাড়ির চালকসহ চারজন আহত হন।
গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম লিটন খুন হওয়ার পর ওই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান মোস্তফা।
চলতি বছরের ২২ মার্চ ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে হারিয়ে তিনি প্রথমবারের মত সাংসদ নির্বাচিত হন এবং ৪ এপ্রিল স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন।
জানাজার আগে পরিবারের পক্ষ থেকে গোলাম মোস্তফার ছেলে মেহেদী মোস্তফা মাসুম তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। পরে আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
সাংসদ কফিনে গোলাম মোস্তফার রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 2017-12-19