কাবুলে বার্তা সংস্থার দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত ৪০
Posted by: News Desk
December 28, 2017
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানের কাবুলে বার্তা সংস্থা আফগান ভয়েস নিউজ এজেন্সির কার্যালয় ও তিবেয়ান সংস্কৃতি কেন্দ্রের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। হতাহতদের অনেকেই শিক্ষার্থী বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা ও জিও টিভি জানায়, আজ বৃহস্পতিবার সকালে আফগান ভয়েস নিউজ এজেন্সি ও তিবেয়ান সংস্কৃতি কেন্দ্রের কাছে হামলার ওই ঘটনা ঘটে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ধারণা করা হচ্ছে এটি আত্মঘাতী হামলার ঘটনা।
আফগান ভয়েসের সঙ্গে শিয়াদের সম্পর্ক রয়েছে। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। আর তালেবান এ ঘটনায় তাদের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র নাসরাত রহিমি জানিয়েছেন, ওই বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। হামলাকারীদের লক্ষ্য ছিল তিবেয়ান কালচারাল সেন্টার। ওই সময় সেখানে আফগানিস্তানে সোভিয়েত-হানার ৩৮তম বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল।
কাবুলের পশ্চিমাংশে শিয়া অধ্যুষিত একটি এলাকার ওই সাংস্কৃতিক কেন্দ্রে একটি প্যানেল আলোচনার সকালের পর্ব চলার সময় হামলাটি চালানো হয়। আলোচনায় উপস্থিতদের মধ্যে অনেক শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আক্রান্ত বার্তা সংস্থাটির সাংবাদিক সৈয়দ আব্বাস হুসাইনি জানিয়েছেন, হামলা চলাকালে কম্পাউন্ডের প্রবেশ পথে প্রথম একটি বিস্ফোরণের পর একাধিক বিস্ফোরণ ঘটেছে বলে তার মনে হয়েছে।
তাদের সংস্থার এক প্রতিবেদক নিহত ও অপর একজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় টুলু নিউজ বলছে, হামলায় প্রাণে বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, ওই সময় তিবেয়ান সোস্যাল অ্যান্ড কালচারাল সেন্টারে একটি বৈঠক চলছিল। বৈঠকে বহু মানুষ উপস্থিত ছিলেন, যারা মূলত সমাজকর্মী ও শিক্ষার্থী।
বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে। সেগুলোতে দেখা যায়, বিস্ফোরণে আফগান ভয়েস নিউজ এজেন্সির কার্যালয় লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘটনাস্থলে বেশকিছু মৃতদেহ পড়ে থাকতেও দেখা যায়।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, আজ বৃহস্পতিবার আফগান ভয়েস কার্যালয়ে গবেষকদের সঙ্গে শিক্ষার্থীদের একটি আলোচনা অনুষ্ঠান ছিল। ওই আলোচনা চলার সময়ই হামলারর ঘটনা ঘটে। প্রাথমিকভাবে সোশাল মিডিয়ায় আসা ছবি দেখে মনে হচ্ছে, ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহত অনেককে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে এসব ছবিতে।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফগান জার্নালিস্টস সেফটি কমিটি (এজেএসসি)।
জঙ্গিগোষ্ঠী তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে তাৎক্ষণিক পোস্ট দিয়ে জানিয়েছেন তারা এর সঙ্গে জড়িত নন। কিন্তু এ ধরনের হামলা ইতোপূর্বে তালেবান ও আইএস চালিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের বার বার জঙ্গি হামলার শিকার হচ্ছে সংবাদমাধ্যম। গত মাসে কাবুলে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনেও হামলা হয়েছিল।
হামলা আত্মঘাতী নিহত ৪০ কাবুলে বার্তা সংস্থার দপ্তরে 2017-12-28