Don't Miss
Home / আজকের সংবাদ / ট্রেন দুর্ঘটনায় দুই পা কাটা পড়ল ঢাবি শিক্ষার্থীর

ট্রেন দুর্ঘটনায় দুই পা কাটা পড়ল ঢাবি শিক্ষার্থীর

এমএনএ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে দুই পা কাটা পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর।
আজ সোমবার সদর উপজেলার কড্ডার শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার এসআই জাকির হোসেন জানান।
আহত শফিকুল ইসলাম শান্ত (২২) সিরাজগঞ্জ সদরের বড় চাকলি গ্রামের শাহজাহান আলীর ছেলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র শান্তকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এসআই জাকির বলেন, বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য সকালে শহীদ এম মনসুর আলী স্টেশনে আসেন শান্ত। চলন্ত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান। এতে তার দুই পা হাঁটুর উপর থেকে দ্বিখণ্ডিত হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। পথে টাঙ্গাইলে যানজটে আটকা পড়লে বিশেষ ব্যবস্থাপনায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ওই ছাত্রের দুই পা দ্বিখণ্ডিত হয়ে ঝুলে আছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. মো. আকরামুজ্জামান জানান, আহত শান্তকে সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...