সিলেটে বজ্রপাতে গ্যাস রাইজারে আগুন, নিহত ৫
Posted by: News Desk
March 18, 2018
এমএনএ জেলা প্রতিনিধি : সিলেটে গোলাপগঞ্জে বজ্রপাতে গ্যাসলাইনে আগুন লেগে মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
আজ রবিবার ভোর রাতে উপজেলার লক্ষণাবন্দ ক্লাববাজার এলাকায় লয়লু মিয়ার কলোনিতে বজ্রপাতের কারণে গ্যাস লাইনে আগুন ধরে গেলে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক তনয় বিশ্বাস।
নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক গ্রামের মছকন্দ আলীর স্ত্রী সেবু বেগম (২২), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার খালেরমুখ গ্রামের ফজলু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৩০) তার শিশু সন্তান তাহমিন (২), গোলাপগঞ্জের দক্ষিণ নোয়াইচক গ্রামের সেবুল মিয়া (১৭), ও ইয়াহিয়া উদ্দিন (১৮)।
স্থানীয়দের বরাত দিয়ে দমকল বাহিনী ও পুলিশ জানায়, ভোর রাতে বৃষ্টিপাতের সময় বজ্রপাত হলে কলোনি বাসার সামনের গ্যাস রাইজারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই কলোনিতে আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো দুইজন।
খবর পেয়ে দমকল বাহিনীর দু’টি ইউনিট সিলেট থেকে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিলেট দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক দিনেমনি শর্ম্মা গণমাধ্যমকে বলেন, কলোনি বাসার তিন কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘরের গ্যাস রাইজারের উপর বজ্রপাত হলে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই নারীই অন্তঃসত্ত্বা ছিলেন।
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আনিস চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিলেট দক্ষিণ ও সিলেট সদরের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘণ্টা পাঁচ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে আগুনে পুড়ে ২ লাখ টাকার ক্ষতি ও অর্ধকোটি টাকার সম্পত্তি রক্ষা করা সম্ভব হয় বলে জানান তিনি।
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী গণমাধ্যমকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আগুন বজ্রপাতে সিলেটে গ্যাস নিহত ৫ রাইজারে 2018-03-18