ভালুকায় বোমা বিস্ফোরণের আলামত মেলেনি
Posted by: News Desk
March 25, 2018
এমএনএ রিপোর্ট : ময়মনসিংহের ভালুকায় একটি ছয়তলা ভবনে বিস্ফোরণের পর বোম্ব ডিসপোজাল ইউনিট ও পুলিশের প্রথমিক তদন্তে বোমার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হানুল ইসলাম বলেন, গ্যাসলাইনের বিস্ফোরণ থেকে এ ঘটনাটি ঘটতে পারে।
এর আগে গতকাল শনিবার রাত দেড়টার দিকে উপজেলার জামিরদিয়া মাষ্টারবাড়ি আইডিয়াল মোড় এলাকার জুট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ঢালীর মালিকানাধীন ৬ তলা আরএস ভবনের তৃতীয় তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তৌহিদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত ও তিন যুবক গুরুতর আহত হন।
আহতদের দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। হতাহতরা সবাই খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা গেছে, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (খুয়েট) চার শিক্ষার্থী সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার মনিরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (২৫) একই উপজেলার নুরুল ইসলাম আকন্দের ছেলে শাহীন আকন্দ (২৪), নওগাঁর মান্দা উপজেলার মান্দাইলপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে হাবিবুর রহমান (২৫) ও মাগুরার শালিখা উপজেলার দীঘল গ্রামের বিমল সরকারের ছেলে দীপ্ত সরকার (২৫) ভালুকা উপজেলার মাষ্টারবাড়িস্থ স্কয়ার ইন্ডাস্ট্রিজে ইন্টার্ন করতে ১০ দিন আগে ওই ছয়তলা ভবনের তৃতীয় তলা ভাড়া নেয়।
গতকাল শনিবার রাত দেড়টার দিকে হঠাৎ ভবনের তৃতীয়তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তৃতীয় তলার দেয়াল ও কাঁচের দরজা-জানালাগুলো ভেঙে প্রায় ২০০ মিটার পর্যন্ত দূরত্বে ছড়িয়ে পড়ে। এ সময় তৌহিদুল ইসলাম নিহত ও অন্যান্যদের শরীর ঝলসে গিয়ে গুরুতর আহত হন।
আহতদের মাঝে হাফিজ ও দীপ্ত সরকারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নাজমুল ওরফে শাহীনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর বোমা সন্দেহে পুলিশ বাড়িটি ঘিরে রাখে। খবর পেয়ে রাতেই ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে যান।
আজ রবিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা ও নির্বাহী অফিসার মাসুদ কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে ঢাকা থেকে মেজর মাহমুদের নেতৃত্বে ৮ সদস্যের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল হাসান জানান, অবৈধ গ্যাস সংযোগে ত্রুটিজনিত কারণে বা ওই রুমে গ্যাস সিলিন্ডর বিস্ফোরণের কারণে ওই ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইরুজ্জামানকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য নিদের্শ দেওয়া হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, এ ব্যাপারে বাড়ির মালিককে আসামি করে হত্যা মামলার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। ঘটনার পর থেকে বাড়ির মালিক আব্দুর রাজ্জাক ঢালী পলাতক রয়েছেন।
আলামত বোমা মেলেনি ভালুকায় বিস্ফোরণের 2018-03-25