গাজীপুর সিটিতে নির্বাচনী প্রচার শুরু
Posted by: News Desk
June 18, 2018
এমএনএ রিপোর্ট : আজ সোমবার থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। আজ থেকে প্রচার শুরু হলেও রমজান মাস ও ঈদ কেন্দ্র করে নানা কৌশলে প্রচার চালিয়ে গেছেন প্রার্থীরা।
গত ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটগ্রহণের কথা ছিল। হাইকোর্টের আদেশে প্রথমে ভোট আটকে যাওয়া এবং পরে আপিল বিভাগ সেটি প্রত্যাহার করে নেন। নতুন করে ২৬ জুন এ ভোট হওয়ার দিন ধার্য করা হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ মেয়র, ২৫৪ সাধারণ কাউন্সিলর ও ৮৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধান দুদল বিএনপিদলীয় মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার ও আওয়ামী লীগদলীয় মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলমসহ অপর প্রার্থীরা জনসংযোগ শুরু করেছেন।
মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) প্রতীক।
এদিকে গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডে ভোট পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে তাদের ৫৭ পর্যবেক্ষক নিয়োগের জন্য আবেদন করা হয়েছে। এদের প্রতিজন একটি করে ওয়ার্ডের নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষণে বেসরকারি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
এ ছাড়া গাজীপুর সিটিতে এবার ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার জন্য নির্বাচন কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে।
কেন্দ্রগুলো হল- চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার ২৪৮০), চাপুলিয়া মফিজউদ্দিন খান উচ্চবিদ্যালয় (ভোটার ২৫৫২), পশ্চিম জয়দেবপুরের মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ (ভোটার ২৫৬২), মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার ২৮২৭), রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-১ (ভোটার-১৯২৭) এবং রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার-২০৭৭)। এ কেন্দ্রগুলো চূড়ান্ত হওয়ার পর ওই এলাকার ভোটারদের নিয়ে ইভিএমে ভোটগ্রহণের মহড়া দেয়া হবে।
এ ছাড়া গাজীপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্র, কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং টঙ্গীর আউচপাড়া এলাকার বসির উদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
নির্বাচনে মেয়র পদে সাত এবং ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন ও ১৯টি সংরক্ষিত আসনে ৮৪ নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬।
গাজীপুর প্রচার সিটিতে নির্বাচনী শুরু 2018-06-18