Don't Miss
Home / আইন আদালত / রংপুর কেন্দ্রীয় কারাগারে ব্যারিস্টার মইনুল হোসেন

রংপুর কেন্দ্রীয় কারাগারে ব্যারিস্টার মইনুল হোসেন

এমএনএ রিপোর্ট : ঢাকা থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে।

আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কড়া পুলিশি পাহারায় তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। আগামীকাল রবিবার সকালে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সশরীরে উপস্থিত করানো হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার মোহাম্মদ আমজাদ হোসেন।

তিনি জানান, আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় তাকে পুলিশি পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

রংপুর জেল সুপার রত্মা রায় বলেন, আজ শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে সড়ক পথে ব্যারিস্টার মইনুল হোসেনকে নিয়ে রংপুরের উদ্দেশে রওয়ানা দেয় পুলিশ। বিকেলে রংপুর কেন্দ্রীয় কারাগারে তাকে নেওয়া হয়।

রংপুর কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা জানান, তার জন্য বিশেষ কোনও ব্যবস্থা নেই। তবে, হাইকোট যেহেতু তাকে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন, সে কারণে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়া হবে। তবে, এ সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।

বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবীদের অন্যতম আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, ‘ব্যারিস্টার মইনুল হোসেনের জামিনের আবেদনের বিরুদ্ধে আদালতের কাছে আমরা আপত্তি উত্থাপন করবো। সেজন্য আইনগত বিভিন্ন দিক খতিয়ে দেখছি। যেহেতু মামলার তারিখ ২২ নভেম্বর, সে কারণে ধার্য তারিখের আগে জামিন পাওয়ার সুযোগ নেই।’

আসামি পক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল বলেন, ‘মামলাটি জামিনযোগ্য। জামিন না হওয়ার কোনও কারণ নেই।’

উল্লেখ্য, দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টিকে নিয়ে ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টিভির একটি অনুষ্ঠানে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মইনুল হোসেনের বিরুদ্ধে ২২ অক্টোবর রংপুরে মামলা দায়ের করে নারী অধিকারকর্মী মিলিমায়া বেগম।

ওই দিন আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে রাতেই ঢাকায় মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ওই মামলাতে আগামীকাল রবিবার তাকে আদালতে হাজির করা হবে।

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির ঘটনায় রংপুরের ওই মামলাতে ২২ অক্টোবর সন্ধ্যায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেপ্তার হয়। পরে তাকে আদালতে নিয়ে জামিন আবেদন জানালে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...