পল্লবীর সঙ্গে ‘সম্মতিতে সম্পর্ক’ হয়েছিল : আকবর
Posted by: News Desk
November 3, 2018
এমএনএ ইন্টার্যাশনাল ডেস্ক : ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাংবাদিক এম জে আকবরের বিরুদ্ধে সম্প্রতি ধর্ষণের অভিযোগ করেন দ্য এশিয়ান এইজ-এর সাবেক সাংবাদিক পল্লবী গগৈ। এই অভিযোগ প্রত্যাখ্যান করে আকবর বলেছেন, উভয়ের সম্মতিতে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু আকবরের এই দাবি প্রত্যাখ্যান করেছেন পল্লবী গগৈ।
এদিকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে ভারতের সদ্য পদত্যাগী প্রতিমন্ত্রী এম জে আকবরের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক পল্লবী গগৈ।
জোর জবরদস্তি, ক্ষমতার অপব্যবহার করে যে সম্পর্ক গডে় ওঠে, তাতে কখনও দুইপক্ষের সম্মতি থাকতে পারে না বলেও দাবি করেন তিনি।
আনন্দবাজার পত্রিকা বলছে, আমেরিকা প্রাবাসী গগৈয়ের সঙ্গে নব্বইয়ের দশকে সম্পর্ক তৈরি হয়েছিল আকবরের। তিনি সম্প্রতি পদত্যাগকারী এই মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। আকবর শুক্রবার ওই অভিযোগ অস্বীকার করেন; তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন আকবরের স্ত্রী মল্লিকাও।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’ প্রকাশিত পল্লবীর এক সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে অভিযোগ অস্বীকার করে আকবর জানান, তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল এবং দুইজনের সম্মতিতেই সবকিছু ঘটেছিল।
গতকাল শুক্রবার রাতে টুইট করে তাদের সেই দাবির প্রতিবাদ পল্লবী। তিনি লেখেন, ‘কোথায় আমার এবং বাকি নারীদের প্রতি নিজের অপরাধ স্বীকার করবেন, তা নয় বিখ্যাত যৌন নির্যাতনকারীর মতোই আচরণ করছেন উনি। দুইপক্ষের সম্মতিতে সবকিছু ঘটেছিল বলে প্রমাণ করতে চাইছেন। জোর খাটিয়ে, ক্ষমতার অপব্যবহার করে যে সম্পর্ক গড়ে ওঠে, তা কখনও সম্মতিসূচক হতে পারে না। এখনও পর্যন্ত যা বলেছি সব সত্য। লড়াই চালিয়ে যাব আমি, যাতে ওর হাতে নির্যাতিত অন্যরাও এগিয়ে আসতে পারেন।’
প্রায় দুই দশক আগে আকবরের তত্ত্বাবধানে ‘দ্য এশিয়ান এজ’ সংবাদপত্রে চাকরি করতেন পল্লবী। সেখানে আকবর বারবার তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং ধর্ষণ পর্যন্ত করেন বলে অভিযোগ করেছেন তিনি।
তবে এমজে আকবরের দাবি, বিবাহিত হওয়া সত্ত্বেও পল্লবীর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন তিনি। দুইজনের সম্মতিতেই সবকিছু ঘটেছিল। পল্লবীর সঙ্গে স্বামীর সম্পর্কের কথা মেনে নিয়েছেন তার স্ত্রী মল্লিকা আকবরও।
সম্মতিতে পল্লবীর হয়েছিল আকবর সম্পর্ক সঙ্গে 2018-11-03