বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আগামীকাল সোমবার
Posted by: News Desk
November 11, 2018
এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল সোমবার বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি। এ বিষয়ে বিকেল সাড়ে ৪টায় রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।
ওইদিন সকাল থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগামীকাল সোমবার ও মঙ্গলবার এই দুদিন বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হবে। মঙ্গলবার ও বুধবার এই দুদিন মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে।
গতকাল শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্টের পৃথক বৈঠকে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তের পরদিন রোববার বিকেলে দলটির পক্ষ থেকে মনোনয়ন ফরম বিক্রির দিন জানানো হলো।
আগামীকাল সোমবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং মঙ্গলবার (১৩ নভেম্বর) একই সময়ে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হবে। ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় ২৫ হাজার টাকা জামানত দিতে হবে।
গত ৯ নভেম্বর শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। দলটির মনোয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
গত ৮ নভেম্বর ২৩ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা এবং ২৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন জাতীয় ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
ওই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যাবশ্যকীয় লেভেল প্লেয়িং ফিল্ডের ন্যূনতম শর্ত এখনও পূরণ হয়নি।
তফসিল ঘোষণার পরও বিটিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রচারণা চালানো হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরুদ্ধে সাবেক নির্বাচন কমিশনার শামসুল হুদাসহ দেশের প্রায় সব দল ও জনগণের আপত্তি থাকার পরও সরকার ও নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করেনি।
আগামীকাল বিক্রি বিএনপির সোমবার ফরম শুরু মনোনয়ন 2018-11-11