প্রাথমিক শিক্ষা সমাপনীতে বসছে ৩১ লাখ শিক্ষার্থী
Posted by: News Desk
November 15, 2018
এমএনএ রিপোর্ট : প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেবে। এবার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেয়া হয়েছে।
এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন এবং ইবতেদায়ীতে ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষায় বসবে। এর মধ্যে ছাত্র ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন এবং ছাত্রী ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পঞ্চমের সমাপনী পরীক্ষার বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন।
আগামী রবিবার থেকে ৭ হাজার ৪১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশে সাত হাজার ৩৯৭ এবং দেশের বাইরে ১২ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে ফিজার বলেন, ৩ হাজার ২৯৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী পরীক্ষায় বসবে, এরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।
এ ছাড়া গত ১০ বছরের এমসিকিউ পদ্ধতি বাতিল করে পরীক্ষায় ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট সব ধরনের কোচিং বন্ধ থাকবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মন্ত্রী বলেন, দুর্গম এলাকার ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে। … দায়িত্ব পালনে ন্যুনতম অবহেলা বা অনিয়মের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
গতবছর ২৮ লাখ চার হাজার ৫০৯ জন ক্ষুদে শিক্ষার্থী প্রাথমিক সমাপনী এবং দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন ইবতেদায়ী পরীক্ষায় বসেছিল।
গণশিক্ষা মন্ত্রী জানিয়েছেন, এবার ছাত্রদের থেকে ২ লাখ ১৯ হাজার ৭৮৬ জন বেশি ছাত্রী সমাপনীতে অংশ নেবে।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এই পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে।
প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেওয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনীর ফল দেওয়া হচ্ছে।
আগে এই পরীক্ষার সময় দুই ঘণ্টা থাকলেও ২০১৩ সাল থেকে পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।
প্রশ্ন ফাঁস ঠেকাতে গত বছর থেকে দেশের ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্ন ছাপিয়ে প্রাথমিক ও ইবেতেদায়ী শিক্ষা সমাপনী নিচ্ছে সরকার।
প্রাথমিক সমাপনীর সূচি
১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা।
ইবতেদায়ী সমাপনীর সূচি
১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তাফা কামাল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এএফএম মঞ্জুর কাদির, অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন প্রমুখ।
৩১ লাখ প্রাথমিক বসছে শিক্ষা শিক্ষার্থী সমাপনীতে 2018-11-15