Don't Miss
Home / হোম স্লাইডার / ৪ পর্যবেক্ষক সংস্থায় আপত্তি জানাল আওয়ামী লীগ

৪ পর্যবেক্ষক সংস্থায় আপত্তি জানাল আওয়ামী লীগ

এমএনএ রিপোর্ট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনে থাকা ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, লাইট হাউস ও বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ নামে চারটি দেশীয় সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব না দেওয়ার জন্য দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আজ বুধবার বিকেল আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এই আবেদন করেন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে তিনি এই আবেদন জানান।

সিইসির সঙ্গে সাক্ষাতের পর এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনে ১১৮টি নিবন্ধিত নির্বাচন পর্যবেক্ষক রয়েছে। এদের মধ্যে চারটি সংস্থা রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তারা নির্বাচনে পর্যবেক্ষণ করতে যেতে প্রভাবিত করতে পারে। এরা হলো ডেমোক্রেসি ওয়াচ। যার প্রধান হচ্ছে শফিক রেহমানে স্ত্রী তালেয়া রহমান। খান ফাউন্ডেশন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের স্ত্রীর। বগুড়ার লাইট হাউস তারেক রহমানের। আর আদিলুর রহমানে প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার পরিষদ। এরা সবাই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এদের পর্যবেক্ষণের দায়িত্ব দিলে বিপর্যয় ঘটতে পারে। তাই নির্বাচন কমিশনকে আমরা বলেছি যেন, নিরপেক্ষ সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেন।

এনজিও ব্যুরোর নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হলে সম্প্রতি অধিকার নামে একটি সংস্থার নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। এইচটি ইমাম বলেন, অধিকার সংগঠনটিই আদিলুর রহমানের। সেটির নিবন্ধন বাতিল হলে এখন তিনি বাংলাদেশ মানবিকার পরিষদ চালাচ্ছেন।

এর আগে বিএনপি, জানিপপ ও এর প্রধান ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে নির্বাচন পর্যবেক্ষণ থেকে দূরে রাখার অনুরোধ জানায়। অন্তত ৯টি বিদেশি সংস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আগ্রহ প্রকাশ করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন আগে বলেছে, তারা কেবল বিশেষজ্ঞ টিম পাঠাবে। নির্বাচন পর্যবেক্ষণ করবে না। আর নির্বাচন কমিশনে নিবন্ধিত দেশীয় ১১৮টি সংস্থার সবাই পর্যবেক্ষণে আগ্রহী। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসিকে লিখিত দাবি দেওয়ার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তার সঙ্গে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলও ছিল।

বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরি ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...