মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী আর নেই
Posted by: News Desk
January 15, 2019
এমএনএ রিপোর্ট : দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার পারিবারিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোরে নিজ বাসায় স্ট্রোক করেন আবু বকর চৌধুরী। এ সময় নিকটতম ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু বকর চৌধুরীর ছোট ভাই মো. আলী চৌধুরী বলেন, আজ বাদ জোহর ধানমণ্ডির তাকওয়া মসজিদে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
১৯৬৪ সালের ২১ জুন ঢাকার গ্রিন রোডে জন্ম নেওয়া আবু বকর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন ম্যানেজমেন্টে। ১৯৯১ সালে সাপ্তাহিক প্রত্যায়ন পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরের বছর যোগ দেন সাপ্তাহিক খবরে। ১৯৯৫ সালে সহযোগী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক আজকের কাগজে।
এক সময় আজকের কাগজ বন্ধ হয়ে গেলে ২০০৯ সালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন আমাদের সময়ে। এরপর সকালের খবর ও সমকালের বার্তা সম্পাদক হিসেবেও কিছুদিন কাজ করেন আবু বকর চৌধুরী।
আবু বকর চৌধুরী ২০১২ সালে বার্তা সম্পাদক হিসেবে দৈনিক মানবকণ্ঠে যোগ দেন। ২০১৭ সালে পত্রিকাটির নির্বাহী সম্পাদক হন। ওই বছরের সেপ্টেম্বর থেকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
এদিকে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলটির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরীর ভূমিকা ছিল প্রশংসনীয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নিরলস ভূমিকার জন্য তিনি সাংবাদিক জগতে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সত্য প্রতিষ্ঠায় ন্যায়ের পক্ষে তার লেখনি ছিল দুর্বার। সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধসম্পন্ন বিশাল নৈতিক গুণের অধিকারী ছিলেন মরহুম আবু বকর চৌধুরী।’
ফখরুল বলেন, ‘সাংবাদিকতা জগতে তার অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মানুষের বাক-ব্যক্তি ও গণমাধ্যমের স্বাধীনতা যখন স্বৈরাচারের কবলে নিষ্পেষিত তখন তার মৃত্যু গণতন্ত্রকামী মানুষের জন্য এক বিরাট ক্ষতি। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। পরম করুণাময় আল্লাহর দরবারে মোনাজাত করি তিনি যেন মরহুম আবু বকর চৌধুরীকে বেহেস্ত নসিব করেন।’
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম আবু বকর চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আর নেই ভারপ্রাপ্ত সম্পাদক মানবকণ্ঠের আবু বকর চৌধুরী 2019-01-15