Don't Miss
Home / হোম স্লাইডার / চিকিৎসা নিতে আবারও সিঙ্গাপুর গেলেন এরশাদ

চিকিৎসা নিতে আবারও সিঙ্গাপুর গেলেন এরশাদ

এমএনএ রিপোর্ট : রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া ও লিভারের সমস্যার উন্নত চিকিৎসা নিতে আবারও সিঙ্গাপুর গেলেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বারিধারার পার্ক রোডের বাসা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন এরশাদ। বিমানবন্দর পর্যন্ত তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।

সিঙ্গাপুরে এ যাত্রায় এরশাদের সঙ্গী হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।

গুরুতর অসুস্থ এরশাদকে হুইল চেয়ারে করে বাসভবনের নিচতলায় নামিয়ে আনেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। অন্যবারের মতো তিনি এদিন আর দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বলে যেতে পারেননি।

মসিউর রহমান রাঙ্গাঁকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনিও এসময় কোনো উত্তর দেননি।

‘গুরুতর অসুস্থ’ এরশাদ আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া একাদশ জাতীয় সংসদের অধিবেশনে ‘থাকছেন না’ বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার ভাই দলের কো-চেয়ারম্যান জি এম কাদের।

সিঙ্গাপুর যাওয়ার আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, এরশাদ কাউকে ‘চিনতে পারছেন না’।

বিদেশ যাওয়ার আগে এরশাদ জানিয়ে গেছেন, তার অনুপস্থিতিতে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জি এম কাদের।

রক্তে হিমোগ্লোবিনের সমস্যা নিয়ে গত ১০ ডিসেম্বর সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। ১৬ দিন চিকিৎসা শেষে তিনি নির্বাচনের আগে ২৬ ডিসেম্বর ফিরে আসেন দেশে।

নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েও শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়ান তিনি। পরে নির্বাচন করেন রংপুর-৩ আসন থেকে।

ভোটে ২২টি আসনে জয়লাভ করা জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে জানিয়েছেন এরশাদ।

পরে তিনি ঘোষণা দেন, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের নেতা হবেন তিনি নিজেই। জিএম কাদের সংসদে প্রধান বিরোধী দলের উপনেতা; দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ হবেন বিরোধী দলীয় চিফ হুইপ।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...