দুর্নীতিতে বাংলাদেশের ৪ ধাপ অবনতি : টিআই
Posted by: News Desk
January 29, 2019
এমএনএ রিপোর্ট : জার্মানির বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশ করা দুর্নীতির ধারণা সূচকে বিগত কয়েক বছরের তুলনায় বাংলাদেশে দুর্নীতি আরও বেড়েছে। গত বছর দুর্নীতিতে বাংলাদেশের ৪ ধাপ অবনতি ঘটেছে।
গত বছরের চেয়ে দুর্নীতির ধারণাসূচক ২০১৮-এর প্রতিবেদনে চার ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। ২০১৮ সালে বাংলাদেশ ২৬ স্কোর নিয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় (নিম্নক্রমানুসারে) ১৩তম অবস্থানে রয়েছে। ২০১৭ সালে এ তালিকায় ২৮ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৭তম। তার আগের বছর ২০১৬ সালে অবস্থান ছিল ১৫তম।
জার্মানির বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান টিআইয়ের প্রকাশ করা দুর্নীতির ধারণাসূচক ২০১৮-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন।
১৮০টি দেশের ওপর টিআই এই জরিপ চালিয়েছে। জরিপে ০ থেকে ১০০ নম্বরের স্কেলে দেশগুলোকে নম্বর দেয়া হয়েছে।
নিম্নক্রমানুসারে সবচেয়ে কম নম্বর ১০ স্কোর পেয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে সোমালিয়া। তার পরেই রয়েছে ১৩ স্কোর পেয়ে সিরিয়া ও দক্ষিণ সুদান। ১৪ স্কোর পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইয়েমেন ও উত্তর কোরিয়া।
১৮০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৯ নম্বরে। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ ছিল ১৪৩ নম্বর অবস্থানে।
আর সবচেয়ে বেশি ৮৮ স্কোর পেয়ে সবেচয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ বিবেচিত হয়েছে ডেনমার্ক। এরপর ৮৭ স্কোর পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড, ৮৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন ও সুজারল্যান্ড।
বাংলাদেশের সঙ্গে একইরকমভাবে ২৬ স্কোর পেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ১৩ নম্বর অবস্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও উগান্ডা।
এদিকে ১৬ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে আফগানিস্তান। আর আফগানিস্তানের পরেই রয়েছে বাংলাদেশ। এই অঞ্চলে দুর্নীতিতে ৬৮ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান।
এই এলাকায় দুর্নীতির দিক থেকে আফগানিস্তানের পরই রয়েছে বাংলাদেশ। ভারতের স্কোর ৪১, তালিকায় অবস্থান ৭৮। পাকিস্তানের স্কোর ৩৩, তালিকায় অবস্থান ১১৭ নম্বরে।
৪১ স্কোর নিয়ে তালিকায় ভারতের অবস্থান ৭৮। আর ৩৩ স্কোর নিয়ে পাকিস্তানের অবস্থান ১১৭ নম্বরে।
বাংলাদেশের দুর্নীতিতে অবনতি ৪ ধাপ টিআই 2019-01-29