Don't Miss
Home / হোম স্লাইডার / চীনে রাসায়নিক বিস্ফোরণে নিহত ৪৭, আহত ৬৪০

চীনে রাসায়নিক বিস্ফোরণে নিহত ৪৭, আহত ৬৪০

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : পূর্ব চীনের একটি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণে অন্তত ৪৭ নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে ৬৪০ জনের বেশি। দেশটির পক্ষ থেকে আজ শুক্রবার এই তথ্য জানানো হয়।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২.৫০ মিনিট নাগাদ পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের ইয়্যানচেং নগরীর তিয়ানজিআই শিল্পাঞ্চলে একটি কেমিক্যাল সংস্থার কারখানায় তীব্র বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক কালে চীনে এত বড় শিল্প দুর্ঘটনা ঘটেনি।

বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তার ধাক্কা ওই এলাকায় ২ দশমিক ২ মাত্রার ভূকম্পণ অনুভূত হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন ও উদ্ধারকর্মীরা আগুন নেভাতে কাজ করে। এছাড়া বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মীকেও সেখানে মোতায়েন করা হয়েছিল।

দেশটির স্থানীয় সময় শুক্রবার ৩ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা।

দুর্ঘটনা কবলিত কারখানায় কীটনাশক ও সার উৎপাদন হত বলে জানায় বিবিসি। প্রায় ১২ ঘণ্টা চেষ্টার পর শুক্রবার ভোররাত ৩টার (১৯:০০ জিএমটি) দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় আহত ৬৪০ জনকে ১৬টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ৫৪ জন মারাত্মকভাবে দগ্ধ।

প্রচণ্ড বিস্ফোরণের ধাক্কায় আশেপাশের কয়েকটি ভবনের ছাদ এবং দরজা-জানালা ভেঙ্গে পড়েছে। কাছেই একটি কিন্ডারগার্টেনের কয়েকটি শিশু আহত হয়েছে বলে জানায় স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। কারখানাটিতে ৩০টির বেশি জৈব রাসায়নিক মিশ্রণ তৈরি করা হতো, যেগুলোর বেশিরভাগই অত্যন্ত দাহ্য ছিল বলে জানায় রয়টার্স।

অনিরাপদ কর্ম পরিবেশের জন্য কারখানাটিকে অতীতে কয়েকবার জরিমানা করা হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে চীনে বেশ কয়েকটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ এবং হতাহতের ঘটনা ঘটেছে। যা জনমণে ক্ষোভ তৈরি করেছে।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসা দিতে সব ধরনের যেন ব্যবস্থা নেয়া হয় তার নির্দেশ দিয়েছেন। শি বর্তমানে রাষ্ট্রীয় সফরে ইতালিতে রয়েছেন।

চীনের সরকারি সংবাদসংস্থা জিংহুয়া জানিয়েছে, এক রাসায়নিক সার কারখানায় রাসায়নিকের বিস্ফোরণ থেকেই প্রথমে আগুন ছড়ায়। বিস্ফোরণের জেরে কারখানা চত্বরের বেশ কিছু নির্মাণ ভেঙে পড়েছে। আগুনের শিখা কারখানার ছাদ পর্যন্ত উঠতে দেখা গেছে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা।

এদিকে বিস্ফোরণ ঘটার সময় কিছু দূরের লিয়াংইয়ুংগ্যাং শহরে মৃদু ভূমিকম্পও অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনে মাত্রা ছিল ২.২। তথ্য সূত্রঃ সাউথ চায়না মর্নিং পোস্ট, টাইমস অব ইন্ডিয়া, বিবিসি।

গত নভেম্বরে উত্তরের হেবেই প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়। তার আগে জুলাইয়ে সিচুয়ান প্রদেশে একটি কারখানায় বিস্ফোরণ ১৯ জনের প্রাণ কেড়ে নেয়।

তিয়ানজিনে ২০১৫ সালে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৬৫ জন মারা যায়, আহত হয় সহস্রাধিক মানুষ।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...