আজানের ধ্বনিতে মুখরিত হলো নিউজিল্যান্ড
Posted by: News Desk
March 22, 2019
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আজানের ধ্বনিতে আজ মুখরিত হয়েছে নিউজিল্যান্ড। এ ছাড়া এক শ্বেতাঙ্গ বর্ণবাদীর হামলায় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অর্ধশত মুসল্লি নিহত হওয়ার এক সপ্তাহ পর আজ শুক্রবার দেশটিতে ২ মিনিট নীরবতা পালন করা হয়েছে।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া। খবর ডনের।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচারর্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে ৫০ জন মুসল্লীকে হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেছে। আজ শুক্রবার নিহতদের স্মরণ ও মুসলমান সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে দেশটির জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায় ছাপা হয়েছে শুধুমাত্র ‘সালাম, শান্তি’। আর খালি রাখা হয়েছে বাকি জায়গাগুলো।
শুক্রবার নিউজিল্যান্ডের জাতীয় দৈনিক দ্য প্রেসের প্রথম পাতায় বড় অক্ষরে আরবিতে লেখা রয়েছে ‘সালাম’ এবং এর নিচেই ইংরেজিতে লেখা রয়েছে ‘সালাম, শান্তি’। এর নিচে লেখা- দুপুর ১:৩২, ক্রাইস্টচার্চে এলোপাতাড়ি গুলিতে নিহতদের জন্য আমরা দুই মিনিট নিরবতা পালন করেছি। এরপর এক এক করে নিহতদের নামগুলো উল্লেখ করা হয়েছে।
এদিকে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় নিহতদের সবার পরিচয় নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট পরিবারগুলোকে অবগতও করা হয়েছে।
ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের জোহরের আজান নিউজিল্যান্ডে রেডিও ও টেলিভিশন থেকে সরাসরি প্রচার করা হয়। এরপর জুমার নামাজও সরাসরি সম্প্রচার করেছে দেশটির জাতীয় সম্প্রচার কেন্দ্রগুলো।
দেশজুড়ে যখন আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল, প্রধানমন্ত্রী জাসিন্দা আরডানসহ আহত ব্যক্তিরা মসজিদের বিপরীত পাশের পার্কে জুমার নামাজের আগে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। তাদের সঙ্গে যোগ দিয়ে ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে ২ মিনিট নীরবতা পালন করেন কয়েক হাজার লোক।
প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার জনগণও নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজানের সময় রাস্তায় দাঁড়িয়ে যান। অনেকে বাজারে কেনাকাটা করছিলেন। তারাও সে অবস্থাতেই দাঁড়িয়ে পড়েন। তারাও ২ মিনিট নীরবতা পালন করেন।
সাদা টুপি পরিহিত এক মুয়াজ্জিন দুপুর দেড়টায় আল্লাহু আকবার ধ্বনি তুলে আজান দেন।
ক্রাইস্টচার্চে হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার এক সপ্তাহ পার হয়ে গেছে। আজ শুক্রবার আল নুর মসজিদটি মেরামতের পর প্রথম জুমার নামাজ আদায় হয়েছে। এতে হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছেন।
ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের ইমাম জামাল ফাওদা বলেছেন, দুটি মসজিদে অর্ধশত মুসল্লি নিহত হওয়ার ঘটনা একদিনে ঘটেনি। কিছু রাজনৈতিক নেতা, সংবাদমাধ্যম এবং অন্যদের মুসলিমবিদ্বেষী প্রচারের ফল হচ্ছে এই হত্যাকাণ্ড। তিনি বলেন, গত সপ্তাহের এই হত্যাকাণ্ড প্রমাণ করেছে, সন্ত্রাসবাদের কোনো রঙ নেই, বর্ণ নেই ও ধর্ম নেই।
দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, আমরা সবাই এক, নিউজিল্যান্ডের সবাই আপনাদের সঙ্গে ব্যথিত।
প্রসঙ্গত গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজের সময় অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রেনটন টেরেন্ট নামে এক শেতাঙ্গ বন্দুক হামলা চালায়।
ধ্বনিতে মুখরিত আজানের নিউজিল্যান্ড হলো 2019-03-22