প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ জন
Posted by: News Desk
March 24, 2019
এমএনএ রিপোর্ট : প্রাথমিক সমাপনী পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে এবছর ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ জন। সব মিলে এবার প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ জন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd পাওয়া যাবে।
সচিবালয়ে আজ রবিবার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে এর বিভিন্ন দিক তুলে ধরেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন।
প্রাথমিক শিক্ষায় তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে। তারা টুলস ঠিক করবে। পরীক্ষা উঠে গেলেও মূল্যায়ন পদ্ধতি থাকবে বলে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
তবে ৪র্থ ও পঞ্চম শ্রেণির পরীক্ষা যথাযথভাবে চলবে বলেও জানানো হয়।
তিনি বলেন, ঝরে পড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও সুষম মেধা বিকাশের লক্ষ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়।
“সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আগে কিছু মেধাবী শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ছিল। ফলে অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হত। বর্তমানে সে সুযোগ বেড়েছে।”
জাকির জানান, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ২২৫ টাকা করে দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির টাকা পাবে।
আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য আলাদা পরীক্ষা নেওয়া হত।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন ছাড়াও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আক্রাম আল হুসাইন বলেন, কোচিংয়ের বিরুদ্ধে সারাদেশে অভিযান চলছে। জেলা প্রশাসকের নেতৃত্বে এ অভিযান চালানো হচ্ছে।
২০১০ সালে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা চালুর পর এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলাভিত্তিক বৃত্তি দেওয়া হচ্ছে।
গত বছরের প্রাথমিক সমাপনীতে ৯৭ দশমিক ৫৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে তিন লাখ ৬৮ হাজার ১৯৩ জন।
পেয়েছে প্রাথমিকে বৃত্তি ৮২ হাজার ৫০০ জন 2019-03-24