ঘূর্ণিঝড় ফণির ছোবলে ৫৩৬ কোটি টাকার ক্ষতি
Posted by: News Desk
May 9, 2019
এমএনএ রিপোর্ট : ঘূর্ণিঝড় ফণির ছোবলে ঘরবাড়ি, বাঁধ, সড়ক ও কৃষি জমির ফসল নষ্ট হয়ে মোট ৫৩৬ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল।
ঘূর্ণিঝড় ফণির প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি নির্ধারণ ও পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নের লক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানান তিনি।
শাহ কামাল বলেন, ঘূর্ণিঝড়ে ঘরবাড়ির ক্ষতি হয়েছে ৭৮ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকার। বাঁধের ক্ষতি হয়েছে ২৫১ কোটি টাকার। মাছে ২ কোটি ৮৪ লাখ টাকা, ৫ কোটি টাকার আমের বাগান এবং কৃষিতে ৩৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া স্থানীয় সরকার বিভাগের ২৪১ কিলোমিটার রাস্তার মেরামতে খরচ হবে ১৬১ কোটি ৬৩ লাখ টাকার ক্ষতি ধরা হয়েছে বলে জানান ত্রাণ সচিব।
মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ফণি গত শুক্রবার ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার গতির ঝোড়ো বাতাস নিয়ে ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানে।
তবে শনিবার বাংলাদেশে ঢোকার সময় এর গতি ৮০ কিলোমিটারে নেমে আসে। ফলে দেশে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
ফণির তাণ্ডবে বরগুনায় ২ জন এবং ভোলা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে একজন করে মোট পাঁচজন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী।
ঘূর্ণিঝড় ফণির তাণ্ডবে ক্ষয়ক্ষতি
>> ২ হাজার ৩৬৩টি ঘরবাড়ি সম্পূর্ণ এবং ১৮ হাজার ৬৭০টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
>> ৬৩ হাজার ৬৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, আর্থিক পরিমাণ ৩৮ কোটি ৫৪ লাখ টাকা
>> বিভিন্ন জেলায় ২১ দশকি ৯৫ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে
>> স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ২৪১ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ফণির কারণে ৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া নেত্রকোণায় হাওরের যে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল পানিসম্পদ মন্ত্রণালয় তা মেরামত করেছে।
অন্যান্য এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সভায় ২৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করলে অর্থ বিভাগ তা অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত জানায়।
ঘূর্ণিদুর্গত মানুষের জন্য ১৪ হাজার ৫০ মেট্রিকটন চাল, ৩ কোটি ৬৩ লাখ টাকা, ৪১ হাজার প্যাকেট শুকনো খাবার, ৪ হাজার বান্ডেল ঢেউটিন এবং গৃহ নির্মাণের জন্য ১ কোটি ২০ লাখ টাকা মঞ্জুর করার কথা সভায় জানায় ত্রাণ মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী বলেন, লক্ষ্মীপুরে ৩৫টি বিদ্যালয় ঘূর্ণিঝড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। যাচাই-বাছাই করে সেগুলো সংস্কারের সিদ্ধান্ত হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের আওতাধীন ২৪১ কিলোমিটার রাস্তা মেরামতের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সভায়। ঝড়ে যেসব টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে মেরামত করতে বলা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের সভাপতিত্বে সভায় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ছাড়াও কয়েকজন সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায়।
‘ফণি'র ছোবলে ৫৩৬ কোটি টাকার ঘূর্ণিঝড় ক্ষতি 2019-05-09