Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / ঈদের ছুটিতে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

ঈদের ছুটিতে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

এমএনএ রিপোর্ট : ঈদের আগে ও পরে ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে তিন দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। পচনশীল দ্রব্য, গার্মেন্ট ও ওষুধবাহী যানবাহন যথারীতি চলবে।

এছাড়া ঈদের আগের সাতদিন এবং পরের পাঁচ দিন মোট ১৩ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি, তারা জনস্বার্থে মেনে চলবে বলে আমাকে জানিয়েছে।

বর্তমানে গ্যাস রেশনিংয়ের সুবিধার্থে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সংশ্লিষ্ট সরকারি কোম্পানিগুলো।

তবে যানজট নিরসন ও পরিবহনের ভোগান্তি কমানোর স্বার্থে সারা বছর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহের অনুরোধ জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান নূর গণমাধ্যমকে বলেন, ঈদ সামনে রেখে সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের এই উদ্যোগ যাত্রীদের স্বস্তি দেবে।

এখন যেহেতু এলএনজি এসে গেছে এবং গ্যাসের সংকট কমে গেছে, তাই রেশনিং পদ্ধতিটা মনে হয় বন্ধ করা উচিত। কারণ অনেক সময় জ্বালানির অভাবে অনেক যানবাহন ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করতে গিয়ে রাস্তায় যানজটের সৃষ্টি করছে।

ঈদযাত্রায় যাত্রীদের চাপ কমাতে ধাপে ধাপে গার্মেন্ট ছুটি দেওয়ার জন্য কারখানা মালিকদের বলা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, গার্মেন্টকে এবারও আমরা অনুরোধ করেছি, যাতে স্টে গার্ড ওয়েতে ছুটি দেওয়া হয়। একসঙ্গে ছুটি দিলে আমাদের দেশে এত পরিবহন নেই, রাস্তার এত ধারণ ক্ষমতা নেই, শৃঙ্খলা সংকটও রাতারাতি দূর করা সম্ভব নয়। যে কারণে বিজিএমইএ সভাপতির সঙ্গে আমি কথা বলেছি, যাতে ভিন্ন ভিন্ন দিনে স্টে গার্ড ছুটির ব্যবস্থা করা হয়। সে ব্যাপারে তারা আমাকে আশ্বস্ত করেছে।

এবারের ঈদযাত্রা নিয়ে জনমনে সব শঙ্কা কেটে গেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এবারে ঈদযাত্রা নিয়ে আমার আশঙ্কা নেই। শঙ্কা, উদ্বেগ প্রতিবার যেমন জনমনে থাকে, সেটাও এবার কেটে গেছে।

সড়ক পথে চলাচলের ব্যাপারে শৃঙ্খলাজনিত কোনো সমস্যার উদ্ভব না হলে, পরিবহন শৃঙ্খলা মেনে চললে যানজট হওয়ার কোনো কারণ নেই।

তার দাবি, রাস্তা নিয়ে এখন আর কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে রাস্তায় পরিবহনের শৃঙ্খলা নিয়ে। এই শৃঙ্খলা থাকলে স্বস্তিতে মানুষ বাড়ি-ঘরে যেতে পারবে এবং জনগণের ঈদ যাত্রা স্বস্তির হবে।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...