এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৭ জুলাই
Posted by: News Desk
July 8, 2019
এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৭ জুলাই। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৭ জুলাই সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়ার মাধ্যমে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। এরপর দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সব কলেজ-মাদ্রাসায় এসএমএস ও অনলাইনে ফল জানা যাবে।
রেওয়াজ অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ফল প্রকাশের দিন ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রীর হাতে। এরপর প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী। এরপর সংবাদ সম্মেলনে করে বিস্তারিত ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২০ থেকে ২২ জুলাই তারিখে ফলাফল প্রকাশের প্রস্তাবনা পাঠানো হয় প্রধানমন্ত্রী কার্যালয়ে। কিন্তু এ্ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইংল্যান্ড সফরে যাচ্ছেন। তাই ফল প্রকাশের তারিখ এগিয়ে আনা হয়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। এবার দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী ছিলেন। এরমধ্যে ছাত্র ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন এবং ছাত্রী ৬ লাখ ৮৭ হাজার ৯ জন।
৮টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষায় মোট অংশ নেন ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন। এরমধ্যে ছাত্র ৫ লাখ ৭৩ হাজার ৮১২ জন এবং ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৯৩৫ জন। এই পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ২৪ হাজার ২৬৪ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় অংশ নেন ৮৮ হাজার ৪৫১ জন। এবার দেশের বাইরের ৮টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ২৭৫জন। এছাড়া শাররিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি ২০ মিনিট সময় বরাদ্ধ করা হয় এবং অটিজমসহ বিশেষ বিবেচনার দাবি রাখে, এমন শিক্ষার্থীদের ৩০ মিনিট বাড়তি সময় দেয়া হয়। মোট কেন্দ্র সংখ্যা ২ হাজার ৫৮০টি। পরীক্ষা শেষ হয় ১২ মে। আর ১২ থেকে ২১ মের মধ্যে হয় ব্যবহারিক পরীক্ষা।
১৭ জুলাই এইচএসসি পরীক্ষার ফল সমমান 2019-07-08