আজ পবিত্র ঈদ-উল-আজহা, ঘরে ঘরে খুশির আনন্দ
Posted by: News Desk
August 12, 2019
এমএনএ রিপোর্ট : আজ পবিত্র ঈদ উল আজহা, ঘরে ঘরে বইছে খুশির আনন্দ। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শান্তি, সৌহার্দ্য ও আনন্দের বার্তাবহ উৎসব এই ঈদ। সব ভেদাভেদ ভুলে আজ ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার দিন। সবাইকে মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ)-এর পক্ষ থেকেৃ ঈদ মোবারক। দেশের ধর্মপ্রাণ মুসলিমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশে পশু কোরবানি দেবেন।
গত শনিবার পবিত্র হজ সম্পন্ন হয়েছে। দেশের ধর্মপ্রাণ মুসলিমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে আজ পশু কুরবানি করবেন। আজ সবার ঘরে ঘরে খুশির দিন।
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইলকে (আ.) কুরবানি করতে উদ্যত হন। কিন্তু আল্লাহপাকের অশেষ মেহেরবানিতে ইসমাইল (আ.) এর পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম (আ.) এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কুরবানি করে থাকেন। পশু কুরবানির কারণে এ ঈদ সাধারণ মানুষের কাছে কুরবানির ঈদ বলে পরিচিত। ঈদ-উল-আজহায় পশু কুরবানি করা হয় প্রতীকী অর্থে। আসলে কুরবানি দিতে হয় মানুষের ষড় রিপুকে: কাম, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতাকে।
ঈদ উপলক্ষে ইতিমধ্যে কোরবানির পশু কেনা সম্পন্ন হয়েছে। রাজধানীবাসী অনেকেই বরাবরের মতো গ্রামের বাড়ি ছুটে গেছেন স্বজনদের সঙ্গে ঈদ করতে।
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বাণীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, ব্যক্তি ও সমাজ জীবনে ত্যাগের শিক্ষা প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। কুরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আসুন, আমরা সকলে পবিত্র ঈদ-উল-আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ-নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।
রাষ্ট্রপতি সকাল সাড়ে দশটায় বঙ্গভবনে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক, বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণভবনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মী, কবি-সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
তিনি আরও জানান, পরে প্রধানমন্ত্রী একই স্থানে বেলা ১১টায় বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, বিদেশি কূটনীতিক, জ্যেষ্ঠ সচিব এবং সচিব পদমর্যাদার বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদ-উল-আজহায় মুসল্লিদের প্রধান কর্তব্য দুই রাকাত ওয়াজিব নামাজ জামাতে আদায় করে আল্লাহ তাআলার উদ্দেশে পশু কুরবানি করা। ঈদের জামাতের খুতবায় খতিব ঈদের তাৎপর্য তুলে ধরবেন। নামাজ আদায়ের পর শুরু হবে কুরবানি। জিলহজ মাসের ১০ তারিখে ঈদ-উল-আজহা হলেও ১১ ও ১২ জিলহজেও পশু কুরবানি করার বিধান রয়েছে।
আজ আনন্দ ঈদ উল আজহা খুশির ঘরে ঘরে পবিত্র 2019-08-12