কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ৬৩ জন নিহত
Posted by: News Desk
August 18, 2019
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত এবং আরো প্রায় দুইশতাধিক মানুষ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, কাবুলের স্থানীয় সময় শনিবার রাত পৌনে ১১টার দিকে নগরীর পশ্চিমাঞ্চলে শিয়া মুসলমান অধ্যুষিত এলাকায় একটি কমিউনিটি হলে ওই হামলা হয়।
আত্মঘাতী এই হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। এছাড়া অন্য কোনো পক্ষ এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।
বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলায় ৬৩ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি বার্তা সংস্থা এএফপিকে বলেন, বোমা বিস্ফোরণে ৬৩ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কমিউনিটি হলের চারপাশে মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে।
বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকা মোহাম্মদ ফারহাজ নামে একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, কমিউনিটি হলের যে অংশে নারীদের বসার ব্যবস্থা রাখা হয়েছিল, বিস্ফোরণের সময় তিনি সেই অংশে থাকায় প্রাণে বেঁচে গেছেন। ওই সময় হঠাৎ করেই পুরুষ অতিথিদের নির্ধারিত বসার জায়গায় প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়।
“সবাই চিৎকার করে ও কাঁদতে কাঁদতে বেরিয়ে যাওয়ার জন্য দৌড়াতে থাকে। বিস্ফোরণের ২০ মিনিট পরও হলের ভেতরটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল। ওই সময় পুরুষদের বসার জায়গায় যারা ছিলেন তাদের সবাই হয় নিহত বা আহত হয়েছেন। দুই ঘণ্টা পেরিয়ে গেছে, এখনো হল থেকে মৃতদেহ বের করা হচ্ছে।”
গত শুক্রবার পাকিস্তানের কোয়েটা শহরের কাছে একটি মসজিদে পেতে রাখা বোমা বিস্ফোরণে তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার একজন ভাই নিহত হন।
হামলার সময় হাইবাতুল্লাহর ওই মসজিদে জুমার নামাজ আদায় করার কথা ছিল এবং তাকে নিশানা করেই বোমা পেতে রাখা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে।
পাকিস্তানে তালেবান নেতার ভাই নিহত হওয়ার একদিন পর কাবুলের শিয়া অধ্যুষিত এলাকার হোটেলে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ এ হামলা চালানো হলো।
দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটিয়ে আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে তালেবান নেতাদের সঙ্গে আলোচনা চলছে।
শান্তি ফিরিয়ে আনার পথরেখা তৈরির ওই আলোচনার মধ্যেই দেশটিতে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটছে।
সপ্তাহ তিনেক আগে কাবুলে একটি পুলিশ স্টেশনে তালেবান জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত ও ১৪৫ জন আহত হন।
৬৩ জন আত্মঘাতী কাবুলে নিহত বোমা হামলায় 2019-08-18