ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত
Posted by: News Desk
August 24, 2019
এমএনএ রিপোর্ট : ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ধুলদীতে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে ৮ জন ও নগরকান্দা উপজেলার তালমার মোড়ে বাসচাপায় আরো ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও ধুলদীতে ব্রিজের রেলিং ভাঙার ঘটনায় আরও ২৫ জন আহত হন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুর সদরের ধুলদী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে ধুলদী বাজার সংলগ্ন ব্রিজের রেলিংয়ে ধাক্কা খায়। এ সময় বাসটি সেতুর রেলিং ভেঙ্গে কুমার নদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৬ যাত্রী নিহত হন। পরে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়ায়।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নূর আলম জানান, খবরটি নিশ্চিত করে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসন থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমার মোড়ে বাস চাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা বরিশাল মহাসড়কে নগরকান্দা উপজেলার তালমার মোড়ে আর কে ট্রাভেলস নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন পথচারীকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৩ জনকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন-রেশমা বেগম (৩০), রেশমার ছেলে রনি (১২) ও আরেক পথচারী আবুল সিকনদার (৪০)।
নিহত রেশমার বাড়ি নগরকান্দার মনোহরপুর গ্রামে ও আবুল সিকদারের বাড়ি বারখাদিয়া গ্রামে।
নিহত সড়ক দুর্ঘটনায় ১১ জন ফরিদপুরে 2019-08-24