Don't Miss
Home / সারাদেশ / বগুড়ায় ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

বগুড়ায় ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

এমএনএ জেলা প্রতিনিধি : বগুড়ায় শেরপুর উপজেলায় দুটি ট্রাক ও একটি কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরও তিনজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কলেজ রোডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি কলাবোঝাই ট্রাক মহাসড়কের কলেজ রোডে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কলাবোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই কলাবোঝাই ট্রাকের চালক ও চালকের সহকারী এবং রডবোঝাই ট্রাকের চালকের সহকারী নিহত হন। আহত হন আরও তিনজন।

দুর্ঘটনার পরপরই মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এবং পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে নাতিকে স্কুলে পাঠানোর জন্য মহাসড়কের হাজিপুর এলাকায় আসেন বৃদ্ধা আমেনা বিবি (৫৬)। পরে নাতিকে স্কুলবাসে উঠিয়ে দিয়ে বাসায় ফিরতে মহাসড়ক পার হতে গেলে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমেনা বিবি শেরপুর পৌরশহরের উলিপুর এলাকার আব্দুল হামিদের স্ত্রী।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...