সাকিবকে দুই বছরের নিষিদ্ধ করল আইসিসি
Posted by: News Desk
October 29, 2019
এমএনএ স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি।
তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করায় তার বিরুদ্ধে এ শাস্তির ব্যবস্থা নিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। আজ মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
২০১৮ সালে ঢাকায় ত্রিদেশীয় সিরিজ ও আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের জন্য জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন সাকিব। কিন্তু বিষয়গুলো অবহেলা করে আইসিসিকে না জানানোয় তাকে এ শাস্তি দেয়া হয়।
এক বছর স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় সাকিব মাঠে ফিরতে পারবেন ২০২০ সালের ২৯ অক্টোবর। এর আগ পর্যন্ত সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। এরপর মাঠে ফিরলেও বাকি এক বছর তাকে নেমে চলতে হবে আইসিসির নানা বিধিনিষেধ।
আইসিসির অ্যান্টি করাপশন কোডের মোট তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে সাকিবের বিরুদ্ধে। শাস্তি প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘আমি সত্যিই ব্যথিত, যে খেলাটা ভালোবাসি তা থেকে নিষেধাজ্ঞা পেয়ে। ঠিকমতো তথ্য না জানানোয় আমি নিজের ভুল পুরোপুরি স্বীকার করি।’
আইসিসির দুর্নীতি বিরোধী আইনে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করলে এবং সেটি প্রমাণিত হলে সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছরের নিষেধাজ্ঞার কথা বলা আছে। তবে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে সহায়তা করায় সাকিবের ওপর সন্তুষ্ট আইসিসি। তাই স্থগিত নিষেধাজ্ঞাসহ সেটি দুই বছর করা হয়েছে সাকিবের ক্ষেত্রে।
আইসিসির নৈতিকতা বিষয়ক মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘সাকিব সব দায় স্বীকার করে নিয়েছে এবং এ তদন্তে পূর্ণ সহযোগিতা করেছে। সে ভবিষ্যতে আইসিসির সততা বিভাগকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তরুণ ক্রিকেটারদের তার ভুল থেকে শিক্ষা নিতে বলবেন। আমি তার প্রস্তাব গ্রহণ করতে পেরে খুশি।’
এ ব্যাপারে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, সাকিবের সঙ্গে যখন যোগাযোগ করেছিল ও গুরুত্ব দেয়নি, আইসিসিকে জানায়নি। নিয়ম হল সঙ্গে সঙ্গে জানানো। এখন আইসিসি যদি ব্যবস্থা নেয়, খুব বেশি কিছু তো আমাদের করার থাকে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটা ভুল সে করেছে এটা ঠিক, এটা সে বুঝতেও পেরেছে। বিসিবি বলেছে তার পাশে থাকবে।
আইসিসি নিষিদ্ধ করল সাকিবকে দুই বছরের 2019-10-29