ওসি মোয়াজ্জেমের মামলার রায় ২৮ নভেম্বর
Posted by: News Desk
November 20, 2019
এমএনএ রিপোর্ট : ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার রায় আগামী ২৮ নভেম্বর ঘোষণা করা হবে।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আজ বুধবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামশ জগলুল হোসেন রায়ের এ দিন ধার্য করেন।
গত ১২ নভেম্বর মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এরপর ১৪ নভেম্বর নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন ওসি মোয়াজ্জেম। আদালতে ওসি মোয়াজ্জেমের পক্ষে শুনানি করেন তার আইনজীবী আবু সাঈদ সাগর ও ফারুক আহম্মেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি নজরুল ইসলাম শামীম।
গত ১৫ এপ্রিল মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আদালত মামলাটি তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার রীমা সুলতানা মামলাটি তদন্ত করে ২৩ মে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৭ জুলাই অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এ মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে সোনাগাজী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা শ্রেণিকক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন। এমন অভিযোগ উঠলে দু’জনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জেম হোসেন। ওসি নিয়ম ভেঙে জেরা করতে নুসরাতের বক্তব্য ভিডিও করেন। মৌখিক অভিযোগ নেয়ার সময় দুই পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনো নারী বা তার আইনজীবী ছিলেন না। ভিডিওটি প্রকাশ হলে অধ্যক্ষ ও তার সহযোগীদের সঙ্গে ওসির সখ্যের বিষয়টি স্পষ্ট হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসলামিয়া মাদ্রাসার অস্টম শ্রেনীর ছাত্রী নুসরাতের মৃত্যু হলে গত ১৫ এপ্রিল ওসি মোয়াজ্জেমকে আসামি করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন ব্যারিস্টার সুমন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই অভিযোগের সত্যতা পাওয়ার পর গত ২৭ মে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন সাইবার ট্রাইব্যুনাল। পরে নুসরাতের মৃত্যুর পর ওসি মোয়াজ্জেমকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ১৬ জুন হাইকোর্ট এলাকা থেকে মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মোয়াজ্জেমের ২৮ নভেম্বর মামলার রায় 2019-11-20