Don't Miss
Home / হোম স্লাইডার / আ স ম রবের নেতৃত্বে আসছে তৃতীয় জোট

আ স ম রবের নেতৃত্বে আসছে তৃতীয় জোট

এমএনএ ডেস্ক রিপোর্ট : দেশের রাজনীতিতে আবারও নয়া মেরুকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। চলছে তৃতীয় একটি জোট গঠনেরও প্রস্তুতি। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবকে সামনে রেখে এ প্রক্রিয়া চলছে।

মূলত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে তৃতীয় এ জোট গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে তারা জঙ্গিবিরোধী সচেতনতা সৃষ্টিসহ জাতীয় ইস্যুতে যুগপদভাবে মাঠে থাকবেন নেতারা। এরপর বড় কোনো ইস্যু সামনে রেখে তৃতীয় জোটের আত্মপ্রকাশ ঘটবে- এমন পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন সংশ্লিষ্টরা। একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জোট গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল রবিবার দুপুরে আ স ম আবদুর রবের সঙ্গে তার উত্তরার বাসভবনে বৈঠক করেন বাসদের একাংশের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ এবং নাগরিক ঐক্যের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবু বকর সিদ্দিক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহিদুল্লাহ কায়সার।

A-S-M-Rob-2এ সময় তারা দুই বড় দলের বাইরে তৃতীয় একটি নতুন জোট গঠনের প্রয়োজনীয়তাসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও সমমনা বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এ ইস্যুতে ধারাবাহিকভাবে বৈঠক করার সিদ্ধান্ত নেন তারা।

জানা গেছে, উদ্যোক্তারা এ বৈঠককে অনানুষ্ঠানিক দাবি করলেও এ সময় তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। জেএসডির সিনিয়র সহ-সভাপতি এমএ গোফরান, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ এবং নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহিদুল্লাহ কায়সারকে নিয়ে কমিটি গঠন করা হয়।

১৪ দলীয় জোট এবং ২০ দলীয় জোটের বাইরে থাকা সমমনা বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাওয়ার জন্য তাদের দায়িত্ব দেয়া হয়। এছাড়াও জোট হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের আগে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে যুগপদভাবে মাঠে থাকার সিদ্ধান্ত হয় এ বৈঠকে।

বৈঠকে উপস্থিত থাকার কথা স্বীকার করলেও কমিটি গঠনের বিষয়টি অস্বীকার করেছেন বাসদের বজলুর রশীদ ফিরোজ। জানতে চাইলে এ প্রসঙ্গে তিনি বলেন, আ স ম আবদুর রব দুপুরে তার বাসায় খাওয়ার দাওয়াত দিয়েছিলেন। সেখানে আমিসহ নাগরিক ঐক্যের দুই নেতাও ছিলেন। নাগরিক ঐক্যের নেতারা তাদের একটি অনুষ্ঠানে আবদুর রবকে দাওয়াত দিতে তার বাসায় গিয়েছিলেন।

তিনি আরও বলেন, রাজনীতিবিদরা একসঙ্গে বসলে নানা বিষয়ে আলোচনা হয়, তারাও আলোচনা করেছেন। দেশের সর্বশেষ পরিস্থিতি, এ মুহুর্তে করণীয়সহ বিভিন্ন বিষয় এ আলোচনায় উঠে এসেছে। এ সময় জোট গঠন নিয়েও আলোচনা হয়েছে। তবে এজন্য কোনো কমিটি হয়নি।

বৈঠকে উপস্থিত থাকলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নাগরিক ঐক্যের নেতা আবু বকর সিদ্দিক। তিনি বলেন, এখনই এ নিয়ে কিছু বলার সময় আসেনি।

সূত্র জানায়, গত জুনের শেষদিকে আ স ম আবদুর রবের উত্তরার বাসভবনে এরকমই একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, তার দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র সহ-সভাপতি এমএ গোফরান ছাড়াও বাসদের একাংশের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, দলটির পলিটব্যুরোর সদস্য বহ্নি শিখা জামালী, গণফোরামের সাংগঠনিক A-S-M-Robসম্পাদক মোস্তাক হোসেন, নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহিদুল্লাহ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।

ওই বৈঠক সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘দুই বড় দল ও জোটের বাইরে বিকল্প একটি শক্তির উত্থান দেশবাসীও চায়। আমরাও চাই। এরকম একটি চাওয়া থেকেই আমরা সেদিন অনানুষ্ঠাকি আলোচনায় বসেছিলাম। এ আলোচনা এখনও অব্যাহত আছে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ইস্যুতে যুগপদভাবে রাজপথে থাকা যায় কিনা, সে বিষয়টি ভেবে দেখার পরামর্শ দিয়েছি আমরা।’

জানা গেছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বাম ঘরানার বেশ কয়েকটি দল গণতান্ত্রিক বাম মোর্চা নামে পৃথক একটি জোট গঠন করে দীর্ঘদিন ধরে পথ চলছে। এছাড়াও বাংলাদেশের সমাজতান্ত্রিকদল- বাসদ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জোটবদ্ধভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

গণফোরাম সভাপতি বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন এর আগে একবার অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, আ স ম আবদুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ সমমনাদের নিয়ে পৃথক একটি জোট গঠন করলেও কিছুদিন যেতে না যেতেই তা ভেঙে যায়।

নতুন জোট গঠনের বিষয়ে জানতে চাইলে এ প্রসঙ্গে জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, তারা দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে তৃতীয় একটি জোট গঠনের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন। এ প্রয়োজনীয়তা মেটাতে নানা সময়ে উদ্যোগও নিয়েছেন। মাঝে সেই উদ্যোগ থেমে গেলেও আবার পুরোদমে তা শুরু হয়েছে।

তিনি বলেন, সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। সবই অনানুষ্ঠানিকভাবে হচ্ছে। তবে শিগগিরই তা আনুষ্ঠানিক রূপ নেবে।

Save

Save

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...