এমএনএ রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সবসময়ই একটি স্মার্ট দল। আওয়ামী লীগই সবসময় ভাবে জাতিকে এগিয়ে নিতে হলে কি করতে হবে। এই দলের হাত ধরে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, স্মার্ট বাংলাদেশও হবে।
বুধবার বিকেলে আওয়ামী লীগের ২২তম কাউন্সিল ২০২২-এর অনুষ্ঠানস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
উদাহরণ দিয়ে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেন, সেই পাকিস্তান আমলে বাঙালির স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলন আওয়ামী লীগের ঘর থেকেই শুরু হয়েছে এবং আওয়ামী লীগ থেকেই জাতিকে অবহিত করা হয়েছে। জাতিকে প্রস্তুত করা হয়েছে স্বাধীনতা সংগ্রামের জন্য।
তিনি বলেন, আমাদের দেশ প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিল্প বিপ্লবে কয়েক দশক করে পিছিয়ে পড়লেও এখন চতুর্থ শিল্প বিপ্লবে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পিছিয়ে নেই। অনেকের আগে ২০০৮ সালে আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা ভেবেছে, যেটি ভারত ২০১৫ সালে, যুক্তরাজ্য ২০০৯ সালে ভেবেছে।
মন্ত্রী বলেন, আর দুইদিন পরেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলনটি শুধু দলেরই নয়, জাতীয় জীবনেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ১৯৬৬ সালে আওয়ামী লীগের যে সম্মেলন হয়েছিল, সেটির সম্মেলন সংগীত ছিল ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ এবং সেই সংগীতই পরে আমাদের জাতীয় সংগীত হয়েছে।
এবারের সম্মেলন অন্যবারের তুলনায় কম জাঁকজমকপূর্ণ হবে জানিয়ে দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমাদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নির্দেশনাই দিয়েছেন। আমাদের জাতীয় সম্মেলন সবসময় দুটি অধিবেশনে হয়। প্রথম অধিবেশন সকালে ও বিকেলে কাউন্সিল অধিবেশন। এতে খরচ কম হয়। এরপরও আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে মিল রেখে এবারের সম্মেলনে অনেক কিছু থাকবে।
নির্মীয়মাণ মঞ্চ ও আসনস্থল পরিদর্শনের সময় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক এমপি মো. নবী নেওয়াজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য আ হ ম তারেক উদ্দীন, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোহান্মদ রাশেদুল ইসলাম প্রমুখ মন্ত্রীর সঙ্গে ছিলেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

