এমএনএ রিপোর্ট : মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী তিন দিন প্রায় সারাদেশে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারি বৃষ্টিপাতে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত
হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ১৯ মিনিটে।
আবহাওয়াবিদ আবদুর রহমান খান জানান, ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
এদিকে, পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায়
এদিকে সকাল সাড়ে ১১ থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। হালকা থেকে মাঝারি ধরনের এই বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে। বৃষ্টির কারণে রাজধানীবাসী বিপাকে পড়েছে। এ প্রতিবেদন তৈরি পর্যন্ত (বিকেল সাড়ে ৩ টা) বৃষ্টি অব্যাহত ছিল।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

