Don't Miss
Home / জাতীয় / আজ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ
বাংলাদেশ

আজ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ

এমএনএ জাতীয় ডেস্কঃ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হবে এ সংলাপ। এতে অংশ নিতে গতকাল সোমবার দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক।

সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মাসুদুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানায়, আজ সকাল ৯টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই নিরাপত্তা সংলাপ বসবে। আলোচনায় যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক, আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা ও সামরিক সহযোগিতা, শান্তিরক্ষা এবং সন্ত্রাসবাদ দমনকে গুরুত্ব দেবে। আর বাংলাদেশ

প্রাধান্য দেবে কৌশলগত অগ্রাধিকার, প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা হুমকি হয়ে ওঠা রোহিঙ্গা ইস্যু। একই সঙ্গে বাংলাদেশ র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য ফের আহ্বান জানাতে পারে।

২০২২ সালের এপ্রিলে দুদেশের মধ্যে অষ্টম নিরাপত্তা সংলাপ হয়। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই সংলাপে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স। এদিকে গত ২৩-২৪ আগস্ট ঢাকায় দুদেশের সামরিক প্রতিনিধিদের মধ্যকার প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়। ওই দুই সংলাপেই দুই দেশ জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) ও অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট (আকসা) নিয়ে আলোচনা হয়। নবম নিরাপত্তা সংলাপে ওই আলোচনার অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, মার্কিন ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক গতকাল সফরের প্রথম দিনে ঢাকার মার্কিন দূতাবাস ও ইউএসএআইডি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যদের মধ্যে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান লিটন এবং চ্যানেল আইর টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

আজ সংলাপের পর মিরা রেজনিক বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...