আফ্রিকায় ঘূর্ণিঝড়-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩২
Posted by: News Desk
March 24, 2019
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আফ্রিকার মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মালাবিতে ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩২ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবরে বলা হয়েছে, বন্যায় মৃতদের মধ্যে মোজাম্বিকের ৪১৭ জন, জিম্বাবুয়ের ২৫৯ জন এবং মালাবিতে ৫৬ জন।
গত ১৪ মার্চ ১৭০ কিলোমিটার বেগে মোজাম্বিকে ঘূর্ণিঝড় ইদাই আঘাত হানে। এরপর জিম্বাবুয়ে ও মালাবিতে আঘাত করে ঝড়টি। মোজাম্বিকের বেইরা শহরের ৯০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়।
দেশটিতে ঘূর্ণিঝড়ের সঙ্গে সৃষ্ট বন্যায় ভবন ও বাঁধ ধসের মতো ঘটনা ঘটেছে।
বেইরা শহরের এক বাসিন্দা মিমি ম্যানুয়েল বলেন, আমাদের সব খাবার নষ্ট হয়ে গেছে, আমাদের এখন আর কিছুই অবশিষ্ট নেই। আমরা সন্তানদের নিয়ে এখন কোথায় যাব জানি না।
বেইরার আরেক বাসিন্দা ডিনা ফিগাডো বলেন, যখন ঘূর্ণিঝড় আঘাত হানে তখন সবাই চিৎকার শুরু করি। বাঁচার জন্য কেউ ঘর থেকে পালিয়েছে আবার কেউ ঘরের মধ্যেই ছিল।
মোজাম্বিকের এক মন্ত্রী বলেন, শিগগিরই ১৫০০ লোককে উদ্ধার করা জরুরি হয়ে দাঁড়িয়েছে, যারা ছাদে ও গাছে আশ্রয় নিয়েছে।
রেডক্রসের তথ্য অনুযায়ী, বেইরা ও আশেপাশের এলাকার ৯০ শতাংশ ‘পুরোপুরি ধ্বংস হয়ে গেছে’। প্লাবিত হয়েছে পুরো এলাকা। ঘূর্ণিঝড় আইডার তাণ্ডবের পর সেখানকার বাড়ির ছাদ ও গাছের ওপরে আটকে পড়া শত শত মানুষকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার কাজ চালাতে হচ্ছে তাদের।
২০ মার্চ মোজাম্বিকের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বন্যার কারণে গাছের ওপর আটকে পড়া নারীরা তাদের শিশু সন্তানদেরকে বাঁচাতে উদ্ধারকারী নৌকার দিকে ছুঁড়ে দিচ্ছেন। প্রায় মাথা সমান পানি থেকেও মানুষজনকে টেনে তোলা হচ্ছে। তবে বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।
মোজাম্বিকের ভূমি ও পরিবেশমন্ত্রী সেলসো কোরেইয়া জানিয়েছেন, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আইডার কারণে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৭ জনে। রয়টার্স লিখেছে, এখন পর্যন্ত জিম্বাবুয়েতে মৃতের সংখ্যা ২৫৯ জন হওয়ার কথা জানা গেছে। আর মালাবিতে প্রাণহানি তুলনামূলকভাবে কম; ৫৬ জন। বন্যার পানি না কমা পর্যন্ত বেইরা শহরে আইডার কারণে ঠিক কী মাত্রার ক্ষতি হয়েছে তা পুরোপুরিভাবে নির্ণয় করা সম্ভব হবে না।
উদ্ধারকর্মীরা উদ্ধারকাজে হিমশিম খাচ্ছে বলে খবরে বলা হয়েছে। তথ্যসূত্র: বিবিসি, খালিজ টাইমস, এনডিটিভি।
বন্যায় ঘূর্ণিঝড় সংখ্যা মৃতের বেড়ে আফ্রিকায় ৭৩২ 2019-03-24