আবার ঢাবির উপাচার্য হলেন আখতারুজ্জামান
Posted by: News Desk
November 3, 2019
এমএনএ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে আবার চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১১ (১) ধারা অনুযায়ী সিনেট কর্তৃক মনোনীত প্যানেল থেকে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন।
আজ রবিবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিকেল ১১ (১) অনুযায়ী সিনেট কর্তৃক মনোনীত প্যানেল থেকে ড. মো. আখতারুজ্জামানকে উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।
শর্তগুলোর মধ্যে রয়েছে- উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর, তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে এর আগেই নিয়োগ বাতিল করতে পারবেন, উপাচার্য পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয় সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচন হয়।
বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল স্থান পেয়েছিলেন।নির্বাচনের পর উপাচার্য হওয়ার সম্ভাব্য ব্যক্তিদের নাম রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের কাছে পাঠানো হলে প্রায় তিন মাস পর এর অনুমোদন করেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।
২০১৭ সালের ৬ সেপ্টেম্বর ‘সাময়িকভাবে’ উপাচার্যের দায়িত্ব দেওয়া হয় সে সময় উপ-উপাচার্যের (প্রশাসন) দায়িত্বে থাকা অধ্যাপক আখতারুজ্জামানকে। তৎকালীন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে মেয়াদোত্তীর্ণ আখ্যা দিয়ে আখতারুজ্জামানকে অস্থায়ী নিয়োগ দেয়া হয়। প্রায় দুই বছর দুই মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্বপালন করেন তিনি।
এর আগে ২০১৬ সালের ২৩ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বি এ অনার্স ও এম এ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজবিষয়ক পোস্ট-গ্র্যাজুয়েট সম্পন্ন করেন।
তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজের ফুলব্রাইট স্কলার এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো ছিলেন তিনি। ১৯৯০ সালে তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন।
২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বিভাগীয় চেয়ারম্যান এবং ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৪ সালে কলা অনুষদের ডিন নির্বাচিত হন।
উপাচার্য ঢাবির আবার হলেন আখতারুজ্জামান 2019-11-03