এমএনএ জাতীয় ডেস্কঃ নির্বাচন যথাসময়ে হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপির জনগণের ভোটে আস্থা নেই। এটা তাদের বিষয়। আমরা সংবিধান মেনে ভোট করব।’
শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ কার্যালয়ে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নির্বাচন করতে না চাইলে না করুক। সন্ত্রাস করছে কেন? বিএনপি নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাস করছে। বাস পোড়াচ্ছে, মানুষ পোড়াচ্ছে। তাদের ওপর মানুষের অভিশাপ।’
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকে যারা নির্বাচন প্রতিহতের নামে অগ্নিসন্ত্রাস করছে তাদের কিন্তু ক্ষমা নেই। নির্বাচন বানচালের নামে বিচারপতির বাসায় হামলা করছে, পুলিশ-সাংবাদিকের ওপর হামলা করেছে, তাদের ক্ষমা নেই।’
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি ২০০৬ সালে এক কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করে। কিন্তু সেই নির্বাচন বানচাল হয়ে যাওয়ায় তারা তা করতে পারেনি। এর ফলে জরুরি অবস্থা জারি করা হয়। কাজেই ভোট চুরি করলে এ দেশের মানুষ মেনে নেয় না।’
শেখ হাসিনা বলেন, ‘দণ্ডিত আসামি খালেদা জিয়াকে আমি বাসায় থাকার সুযোগ দিয়েছি। তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা বলছে তার দল। এখন তাকে বিদেশ যেতে হলে তো আগে কারাগারে যেতে হবে, আইন তাই বলে।’
তারেক রহমান মাকে দেখতে না আসার বিষয়ে তিনি বলেন, ‘ছেলেই তো মাকে দেখতে এলো না। এই যে, যায় যায়, মরে মরে করতেছে তবুও ছেলে দেখতে এলো না।’
অগ্নিসন্ত্রাসের জন্য তারেক রহমানকে দোষারূপ করে সরকার প্রধান বলেন, ‘লন্ডনে বসে হুকুম দেয়, সে তো দেশে আসবে না। তার হুকুমে মানুষের ক্ষতি করছে বিএনপি নেতাকর্মীরা। জীবন্ত মানুষ পুড়িয়ে মারছে। তাদের ছাড় নেই। যে দেশে আসার সাহস রাখে না তার কথা কেন শোনেন, বিএনপি কর্মীদের প্রতি এটাই আমার প্রশ্ন।’
বিএনপির নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, ‘এ দলের নেতাই নেই। খালেদা জিয়াও নির্বাচন করতে পারবেন না, তারেক জিয়াও পারবেন না। তারা দুজনই দণ্ডিত আসামি। তাদের নির্দেশে বিএনপি কেন নির্বাচন বানচালে সন্ত্রাস করছে?’
দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ধরিয়ে দিন। জনগণ সচেতন হলে তারা অগ্নিসন্ত্রাসের সাহস পাবে না।’
বিকেল ৩টায় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা শুরু হয়। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন। এ সভা থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে।
এরপর শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

