Don't Miss
Home / হোম স্লাইডার / আরেক দফা বাড়ানো হল বিদ্যুতের দাম

আরেক দফা বাড়ানো হল বিদ্যুতের দাম

এমএনএ রিপোর্ট : আরেক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। পাইকারি, খুচরা ও সঞ্চালন- এই তিন পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে। সাধারণ গ্রাহক পর্যায়ে (খুচরা) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ১৩ পয়সা করা হয়েছে। যা বর্তমানে ৬ টাকা ৭৭ পয়সা।

আজ বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

পাইকারিতে বিদ্যুতের দাম প্রতি ইউনিট গড়ে ৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ৪ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে প্রতি ইউনিটের দাম হয়েছে ৫ টাকা ১৭ পয়সা।

এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ প্রতি ইউনিটে শূন্য দশমিক ২৭৮৭ টাকা থেকে ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে করা হয়েছে শূন্য দশমিক ২৯৩৪ টাকা।

এই দাম ১ মার্চ থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে বিইআরসি। এ সরকারের আমলে এর আগেও কয়েক দফা বাড়ানো হয় বিদ্যুতের দাম।

রাজধানীর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অডিটোরিয়ামে ২০১৯ সালের ২৮ নভেম্বর থেকে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি শুরু হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ইস্যুতে ওই গণশুনানি করে।

শুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি বিদ্যুতের দাম ২৩ দশমিক ২৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল।

বিপরীতে কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি ১৯ দশমিক ৫০ শতাংশ বাড়ানোর প্রয়োজন বলে মন্তব্য করে।

বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড (পিডিবি)সহ ছয় সংস্থা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রস্তাব প্রদান করেছে। সঞ্চালন মাশুল বাড়ানোর দাবি করে পাওয়ার গ্রিড কোম্পানিও (পিজিসিবি)।

২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত পাইকারি পর্যায়ে ৬ বার এবং খুচরা গ্রাহক পর্যায়ে ৮ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০১৭ সালের নভেম্বর নিত্যব্যবহৃত পণ্যটির দাম বাড়ানো হয়।

গত বছর গ্যাসের মূল্য বাড়ানোর দুই মাসের মাথায় বিদ্যুতের দাম আরেক দফা বাড়াতে বিইআরসিতে প্রস্তাব পাঠায় বিতরণ কোম্পানিগুলো। এসব প্রস্তাবের ওপর গত ২৮ নভেম্বর শুরু হয় গণশুনানি। নিয়ম অনুসারে গণশুনানির ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হয় বিইআরসিকে। সেই হিসেবে এক সপ্তাহে আগে ডাকা হয়েছে এই সংবাদ সম্মেলন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...