এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে স্থায়ী ও খণ্ডকালীন সদস্য রাখার প্রস্তাব জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। সম্প্রতি দেশের বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও আইন না মানার অভিযোগ ওঠার পর তা সমাধানে এমন প্রস্তাব বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পক্ষ থেকে এমন প্রস্তাব জানানো হয়।
এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, ‘দেশে শিক্ষার মান উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কন্ট্রিবিউশন এখন সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি। প্রতিবছর বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যত শিক্ষার্থী বের হয়, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তত শিক্ষার্থী বের হয় না। আমাদের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ তুলতে হলে এবং তা সমাধানে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে স্থায়ী ও খণ্ডকালীন সদস্য থাকা জরুরি বলে আমি মনে করি।’
এদিকে আইন না মানা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। যেসব বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে, প্রমাণ হলে সেসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইউজিসি।
ইউজিসি বলছে, সারাদেশে ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে মাত্র ২৯টির স্থায়ী ক্যাম্পাস আছে। এদের মধ্যে আবার পুরোপুরি স্খায়ী ক্যাম্পাসে যেতে পারেনি ২৭টি বিশ্ববিদ্যালয়। মালিকানা দ্বন্দ, অননুমোদিত বিষয় পড়ানো, অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নামে। ইউজিসি সম্প্রতি এমন একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের নামের পাশে স্টার চিহ্ন (**) দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র চন্দ বলেন, ‘বিভিন্ন অভিযোগে বেশেকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমরা স্টার চিহ্ন দিচ্ছি। এর মধ্যে অন্যতম হলো- অননুমোদিত প্রোগ্রাম চালানো। যেমন কোথাও ৫০টি আসনের অনুমোদন থাকলে সেখানে বছরে আড়াই হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এসব বিষয়ে আমাদের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তবে প্রায় ৫০ শতাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি আইন মানছে বলে জানিয়েছে ইউজিসি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

