Don't Miss
Home / অর্থনীতি / ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক সংবাদও প্রকাশের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর

ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক সংবাদও প্রকাশের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর

এমএনএ প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সাংবাদিকদের প্রতি মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরগুলোর ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি সীমাবদ্ধতা ও নেতিবাচক দিকগুলোও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দফতরে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরাম (এফএলজেএফ)-এর নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে মন্ত্রীর একান্ত সচিব পঙ্কজ বড়ুয়া, সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান এবং সহকারী একান্ত সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে এফএলজেএফের সভাপতি তরিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সংগঠনের পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, সুশাসন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্ব শুধু উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করা নয়, বরং খাতের সমস্যা, অনিয়ম ও দুর্বলতাগুলোও তুলে ধরা। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুযোগ পায় এবং সেবার মান উন্নত হয়।

মন্ত্রী আরও বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে মন্ত্রণালয় ও অধিদপ্তরসমূহের ইতিবাচক সংবাদের পাশাপাশি নেতিবাচক দিকগুলোও তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকাশ করা প্রয়োজন।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এফএলজেএফের সহ-সভাপতি মোহাম্মদ নঈমুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী, অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য কাওসার আজম, নাসির উদ্দিন, শাহাদাৎ হোসেন বিপ্লব, গোলাম সামদানি ভূইয়া, আনিসুর রহমান তপন ও আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

x

Check Also

তারেক রহমানের চীন সফরের মধ্যেই দিল্লিতে দোভাল-ওয়াং ই বৈঠক, সম্পর্ক স্বাভাবিকীকরণে জোর

আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর চলমান চীন সফরের মধ্যেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে চীনের শীর্ষ ...