Don't Miss
Home / সারাদেশ / ঈশ্বরদীতে ঈদুল ফিতরের ভিজিএফ কার্ড বিএনপি–জামায়াত নেতাদের মধ্যে ভাগ

ঈশ্বরদীতে ঈদুল ফিতরের ভিজিএফ কার্ড বিএনপি–জামায়াত নেতাদের মধ্যে ভাগ

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী পৌরসভায় ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের জন্য বরাদ্দ দেওয়া ৪,৬২৫টি ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ড বিএনপি ও জামায়াতের নেতাদের মধ্যে ভাগ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ঈশ্বরদী পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এই কার্ডগুলো দুই দলের নেতাদের মধ্যে বণ্টন করা হয়।

পৌরসভায় বর্তমানে মেয়র বা কাউন্সিলর না থাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে কার্ড ভাগ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আরিফুর রহমান।

খোঁজ নিয়ে জানা যায়, মোট ৪ হাজার ৬২৫টি ভিজিএফ কার্ডের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ পরিবারের জন্য ৬২৫টি কার্ড সংরক্ষণ রাখা হয়। বাকি ৪ হাজার কার্ড বিএনপি ও জামায়াতের নেতাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এর মধ্যে বিএনপিকে ২ হাজার, জামায়াতে ইসলামীকে ১ হাজার ২০০ এবং বিএনপির বিদ্রোহী গ্রুপের নেতাদের জন্য ৮০০টি কার্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম আজম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান, শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান এবং পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।

এ বিষয়ে ইউএনও আরিফুর রহমান বলেন, সাধারণত এসব ভিজিএফ কার্ড মেয়র ও কাউন্সিলরদের মাধ্যমে ওয়ার্ডভিত্তিক দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। তবে বর্তমানে পৌরসভায় মেয়র বা কাউন্সিলর না থাকায় প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য জটিলতা এড়াতে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের ডেকে তাদের মধ্যে কার্ডগুলো ভাগ করে দেওয়া হয়েছে। পরে তারা এসব কার্ড দুস্থদের মধ্যে বিতরণ করবেন বলে জানান তিনি।

x

Check Also

অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তের কারণে দেশের সফল ইপিআই কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়: স্বাস্থ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ইউনিসেফের দেওয়া নতুন ভ্যাকসিনের চালান গ্রহণের সময় স্বাস্থ্য ...