এমএনএ বিনোদন ডেস্ক : করোনার ভাইরাস মোকাবেলায় ভারতে ৩ মে পর্যন্ত লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে অর্থনৈতিক সংকটে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এই লকডাউনে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ খানের স্ত্রী প্রযোজক-ডিজাইনার গৌরী খান।
এই লকডাউনে প্রায় এক লাখ মানুষের অন্ন সংস্থানের দায়িত্ব নিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন গৌরী।
সেই পোস্টে গৌরী জানান, মুম্বাইয়ের গোরেগাঁও, পিম্পড়ি, করমালা চউল, ইন্দিরানগর, সান্তাক্রুজ, ভীমনগর, হনুমাননগর, গোভান্দি-সহ আরও বেশ কিছু এলাকার মানুষের খাবারের ব্যবস্থা করেছেন তিনি। যার মধ্যে কোন এলাকার কতজন মানুষের অন্ন সংস্থানের দায়িত্ব নিলেন, সেই হিসেবও দেন শাহরুখ-পত্নী। রোটি ব্যাংক ফাউন্ডেশন এবং মীর ফাউন্ডেশনের মাধ্যমে এই খাবার পৌঁছে দেয়া হচ্ছে। তবে এখানেই থামতে চান না তিনি।
গৌরী জানিয়েছেন, এই দুঃসময়ে আরও অনেক কাজ বাকি।
মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন তাদের টুইটারে পোস্ট করেছেন, শাহরুখ খান ও গৌরী খানের ব্যক্তিগত চারতলা অফিসকে শিশু, মহিলা ও প্রবীণদের জন্য কোয়ারেন্টিন করার জন্য অনুরোধ জানিয়েছেন। এর জন্য তাদের ধন্যবাদ জানাই।
করোনা সংক্রমণের জেরে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ভারতীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল-সহ পশ্চিমবঙ্গ এবং দিল্লির মুখ্যমন্ত্রীদের তহবিলেও অনুদান দিয়েছেন শাহরুখ খান। পাশাপাশি চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের পাশে দাঁড়াতে বিএমসিকে ২৫ হাজার পিপিই-সহ ১২ হাজার কিটও দান করেছেন শাহরুখ।
করোনা সংক্রমণের জেরে গোটা বিশ্ব যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ খান।