Don't Miss
Home / প্রচ্ছদ / একনেকে অনুমোদন পায়নি সচিবালয়ে ভূমিকম্প সহনশীল ২১ তলা ভবনের প্রস্তাব, পুনরায় পর্যালোচনার নির্দেশ

একনেকে অনুমোদন পায়নি সচিবালয়ে ভূমিকম্প সহনশীল ২১ তলা ভবনের প্রস্তাব, পুনরায় পর্যালোচনার নির্দেশ

অর্থনৈতিক প্রতিবেদক

সচিবালয়ের দাফতরিক আবাসন সংকট নিরসন এবং ভূমিকম্প ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে প্রস্তাবিত ২১ তলা ভবন নির্মাণ প্রকল্পটি আপাতত অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

রবিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত বর্তমান সরকারের দ্বিতীয় একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করা হলেও চারটি গুরুত্বপূর্ণ ত্রুটির কারণে তা পুনরায় পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা ও উর্ধতন কর্মকর্তারা  এতে উপস্থিত ছিলেন।

পরিকল্পনা মন্ত্রণালয় ও একনেক সূত্রে জানা গেছে, প্রায় ৬৪৯ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটির নির্মাণ ব্যয় যাচাই, মাটি পরীক্ষা এবং নকশা পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দেওয়া হয়েছে।

একনেক সভায় পর্যালোচনার সময় প্রকল্পটিতে চারটি বড় ঘাটতি চিহ্নিত করা হয়—উন্নয়ন প্রকল্প রিভিউয়ের জন্য গঠিত বিশেষ কমিটির পূর্বানুমোদন নেওয়া হয়নি; প্রস্তাবিত নির্মাণ ব্যয় অস্বাভাবিক বেশি হওয়ায় এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে; ভবনের কাঠামোগত নকশা যথাযথভাবে পরীক্ষা করা হয়নি; ও নির্মাণের আগে প্রয়োজনীয় মাটি পরীক্ষা সম্পন্ন করা হয়নি।

নতুন সরকারের অধীনে চলমান প্রকল্পগুলো যাচাইয়ের জন্য গঠিত বিশেষ রিভিউ কমিটি এ প্রকল্পে বেশ কিছু অসঙ্গতি তুলে ধরে। বেজমেন্ট নির্মাণ ব্যয়, ভ্যাট এবং প্রতি বর্গমিটারে উচ্চ খরচ নিয়ে তারা আপত্তি জানিয়েছে। পাশাপাশি, পুরনো ১ নম্বর ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের আগে প্রকল্পটির প্রয়োজনীয়তা ও ব্যয় কাঠামো পুনরায় মূল্যায়নের সুপারিশ করা হয়েছে।

সচিবালয়ের বর্তমান ১ নম্বর ভবনটি ১৯৩৯ সালে নির্মিত এবং প্রায় ৮৭ বছরের পুরনো। এটি উচ্চমাত্রার ভূমিকম্প সহনশীল নয় বলে বিবেচিত। এই ভবনের স্থলেই আধুনিক ২১ তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল।

প্রস্তাবিত ভবনে ৪টি বেজমেন্ট, ১৪টি লিফট, প্রায় ২ হাজার ৪০০ টনের কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ২০টি আধুনিক কনফারেন্স রুম রাখার পরিকল্পনা ছিল। এছাড়া সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ এবং আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ পরিবেশবান্ধব নানা সুবিধা যুক্ত করার কথা ছিল।

প্রকল্প অনুযায়ী প্রতি বর্গফুট নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩,৫০০ টাকা, যেখানে বেজমেন্ট অংশের জন্য আলাদাভাবে উল্লেখযোগ্য ব্যয় নির্ধারণ করা হয়েছিল।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, প্রকল্পটি আরও গভীরভাবে যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় রিভিউ কমিটিতে পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমোদনের আগে কমিটির আনুষ্ঠানিক সুপারিশ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

 

বর্তমানে সচিবালয়ে ১৯৩৯ থেকে ২০২৫ সালের মধ্যে নির্মিত মোট ১২টি ভবন রয়েছে। ক্রমবর্ধমান দাফতরিক চাহিদা মেটাতে আধুনিকায়নের এই উদ্যোগ নেওয়া হলেও কারিগরি ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতেই প্রকল্পটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

x

Check Also

এসএসসি, সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে: শিক্ষামন্ত্রী

এমএনএ প্রতিবেদক সারা দেশে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে ...