এবার গোটা বিশ্বকেই হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
Posted by: News Desk
August 8, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর এবার গোটা বিশ্বকেই হুমকি দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল মঙ্গলবার সামাজিকমাধ্যমে টুইটারে নিজের অ্যাকাউন্টে এক টুইট করে ট্রাম্প বলেছেন, যে ইরানের সঙ্গে ব্যবসা করবে সে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবে না।
এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান সম্পর্কে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পরিষ্কার করেছেন। ট্রাম্পের এ ঘোষণা কার্যকর হলে বিশ্বের যে কোনো দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই দেশের বাণিজ্য সম্পর্ক বন্ধ হয়ে যাবে।
গতকাল মঙ্গলবার ভোরে নিজের টুইটার অ্যাকাউন্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এসব নিষেধাজ্ঞা সর্বোচ্চ মাত্রার এবং কঠোর যা এর আগে আর কখনো আরোপ করা হয়নি। নভেম্বর থেকে তারা আরেক দফা নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে।
তিনি আরও বলেন, যারা ইরানের সঙ্গে ব্যবসা করবেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবেন না। আমি কেবল বিশ্বশান্তির আহ্বান জানাচ্ছি আর কিছুই নয়।
ট্রাম্প মূলত ইউরোপীয় ইউনিয়নকে উদ্দেশ করেই এ সতর্কবাণী উচ্চারণ করেছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে বলেছে, গতকাল মঙ্গলবার থেকে তারা ইউরোপীয় ইউনিয়নের একটি আইন চালু করবে যা ইরানের সঙ্গে বাণিজ্যে জড়িত কোম্পানিগুলোকে সম্ভাব্য মার্কিন শাস্তিমূলক ব্যবস্থার হাত থেকে রক্ষা করবে। কমিশনের এ ঘোষণাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত প্রতিবাদ বলে মনে করা হচ্ছে।
এদিকে মধ্যপ্রাচ্যবিষয়ক ব্রিটিশমন্ত্রী অ্যালিস্টিয়ার বার্টও ইঙ্গিত দিয়েছেন যে নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে ব্যবসা করতে ইচ্ছুক নিজেদের কোম্পানিগুলোকে ইউরোপ রক্ষা করতে পারে।
এছাড়া চীন রাশিয়া এবং তুরস্ক এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা মানবে না।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাগুলো কার্যকর হয়েছে গতকাল মঙ্গলবার সকালের দিকে।
ট্রাম্প এ বছর মে মাসে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের ২০১৫ সালে করা পরমাণু চুক্তি থেকে সরে আসেন। ওই চুক্তির শর্তানুযায়ী, ইরানের ওপর থেকে যেসব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল সেগুলোকেই প্রথম পর্যায়ে পুনরায় বহাল করেছেন ট্রাম্প।
গতকাল মঙ্গলবার এ মর্মে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের ব্যাংক নোট, ইরানিদের স্বর্ণ ও অন্যান্য মূল্যবান জিনিসের ব্যবসা,মার্কিন ডলার ক্রয়, ধাতু আমদানি-রপ্তানি, কয়লা, শিল্পায়নের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও অটোমোবাইল খাতও রয়েছে।
এরপর দ্বিতীয় পর্যায়ে ৫ নভেম্বর থেকে ইরানের গুরুত্বপূর্ণ তেল সংশ্লিষ্ট খাতের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর আওতায় পড়বে ইরানের জ্বালানি,শিপিং খাত এবং পেট্রোলিয়াম ব্যবসাও।
বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ ইরানের অর্থনীতি তেল রপ্তানির উপর অনেকাংশে নির্ভরশীল। ফলে দেশটির তেল খাতের ওপরেও নিষেধাজ্ঞা কার্যকর হলে তা মারাত্মক ফল বয়ে আনতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে ইরানের অর্থনীতি।
গোটা বিশ্বকেই ডোনাল্ড ট্রাম্প হুমকি এবার 2018-08-08