ঐক্যফ্রন্টের নেতাদের গণভবনে আমন্ত্রণ
Posted by: News Desk
January 26, 2019
এমএনএ রিপোর্ট : নির্বাচনের পর ফের সংলাপ নিয়ে আলোচনার মধ্যে আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে আমন্ত্রণ পেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
ঐক্যফ্রন্ট শরিক গণফোরামের নেতা মোস্তফা মহসীন মন্টু এই আমন্ত্রণের চিঠি পাওয়ার কথা আজ শনিবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গণভবনের একটি সূত্র জানিয়েছে, ভোটের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতা এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যদের নিয়ে ২ ফেব্রুয়ারি চা চক্রের আয়োজন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ৭৫টি রাজনৈতিক দলকে গণভবনে আমন্ত্রণ করা নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে উপস্থাপন হওয়ায় ধুম্রজালের সৃষ্টি হয়।
তখন এমন বিভান্তিকর সংবাদ পরিবেশনের তীব্র প্রতিবাদ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, বিএনপি, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী জোট সব মিলিয়ে মোট ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছিলেন। সেই দলগুলোর নেতৃবৃন্দকে আমাদের নেত্রী আবারো গণভবনে আমন্ত্রণ জানাতে চান, শুভেচ্ছা বিনিময়ের জন্য।
সংলাপ হবে না দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই। এখানে সংলাপ নিয়ে ধূম্রজাল কোথা থেকে এলো? আমি তো সংলাপ শব্দটি উচ্চারণ করিনি। বলা হয়েছে গণভবনে নেত্রী আমন্ত্রণ জানাবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। একটু আপ্যায়নের ব্যবস্থাও থাকবে। এই ছিল আমাদের কথা। এখানে ধূম্রজাল কেন হবে, সংলাপ কেন হবে?’
তিনি বলেন, প্রধানমন্ত্রী একবারও সংলাপের কথা বলেননি। আমি বলেছি তিনি আমন্ত্রণ জানাবেন। আমি তো সংলাপের কথা বলিনি। কাজেই এ শব্দটি কোথা থেকে এলো আমি জানি না। যে নির্বাচন দেশে-বিদেশে প্রশংসিত সেখানে সংলাপের প্রশ্ন আসে কীভাবে! জাতিসংঘ বলেছে শেখ হাসিনার সাথে কাজ করতে তারা রাজি। এই নির্বাচনে আমাদের নেত্রী শেখ হাসিনার বিপুল জয় হয়েছে। নির্বাচন নিয়ে সংলাপ হাস্যকর।
গণভবনে আমন্ত্রণ নেতাদের ঐক্যফ্রন্টের 2019-01-26